লেবাননের দক্ষিণাঞ্চলে গত ২৪ ঘণ্টায় ব্যাপক বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর অন্তত ১৩৫টি লক্ষ্যবস্তুতে আঘাত করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
তারা বলেছে, লেবাননের বেকা উপত্যকা এবং দক্ষিণাঞ্চলীয় বেশ কিছু এলাকায় হিজবুল্লাহর একটি প্রশিক্ষণ শিবিরসহ প্রায় ১০টি রকেট উৎক্ষেপণ কেন্দ্রে এই হামলা চালানো হয়, যেগুলো ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালাতে ব্যবহার করা হতো।
সেনাবাহিনী বৃহস্পতিবার (২৮ মে) এক বিবৃতিতে জানিয়েছে, তারা লেবাননের তায়ার শহরের ১৫টি অবকাঠামোগত কেন্দ্রেও আঘাত হেনেছে। এছাড়া হিজবুল্লাহর ব্যবহৃত একটি উৎক্ষেপণ ঘাঁটি থেকে দলবলসহ বের হওয়ার সময় ইসরায়েলি সেনাদের গুলিতে হিজবুল্লাহর কয়েকজন সদস্য নিহত হয়েছে বলেও দাবি করা হয়।
এদিকে লেবাননের রাজধানী বৈরুতেও বিমান হামলা চালানোর কথা নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।
আল জাজিরা জানিয়েছে, বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, বৈরুতের শুয়েফাত এলাকার কাছাকাছি একটি আবাসিক ভবন লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ছবি ও ভিডিওতে দেখা গেছে, হামলার পর ওই এলাকার বহুতল ভবনগুলোর ওপর দিয়ে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী বাতাসে উড়ছে।
ইসরায়েলি সংবাদমাধ্যমের দাবি, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ইউনিটের প্রধান আলী আল-হুসেইনিকে লক্ষ্য করে এই সুনির্দিষ্ট হামলাটি চালানো হয়।
এর আগে গত ৬ মে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলি দাহিয়েহতে শেষবারের মতো হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী।