ইরানের সঙ্গে চলমান উত্তেজনা অবসান কিংবা জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে কোনো ধরনের রাজনৈতিক চাপে থাকার কথা অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি জানিয়েছেন, কোনো ধরনের চাপ তাকে ইরানের সঙ্গে চুক্তি করতে বাধ্য করতে পারছে না। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন বা ইরানের হরমুজ প্রণালি বন্ধের কারণে জ্বালানি তেলের চড়া দাম, কোনো কিছু নিয়ে তিনি চিন্তিত নন, যার জন্য তড়িঘড়ি করে নৌপথটি চালুর চুক্তি করতে হবে।
ইরান প্রসঙ্গে বুধবার (২৭ মে) ট্রাম্প এসব কথা বলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।
ট্রাম্প বলেন, ‘আমি মধ্যবর্তী নির্বাচন নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নই। গত রাতে কী ঘটেছে, তা একটু তাকিয়ে দেখুন।’
মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য মূলত মঙ্গলবার রাতে টেক্সাসের দলীয় বাছাই নির্বাচনে ট্রাম্প-সমর্থিত প্রার্থী কেন প্যাক্সটনের জয়ের প্রেক্ষাপটে করা হয়েছিল। প্যাক্সটন দীর্ঘদিনের অভিজ্ঞ রিপাবলিকান সিনেটর জন করনিনকে নির্বাচনে পরাজিত করেন।
যুক্তরাষ্ট্রে মেমোরিয়াল ডে-র ছুটিতে জ্বালানি তেলের দাম গত চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালেও ইরানের সঙ্গে চুক্তির ক্ষেত্রে কোনো তাড়াহুড়ো নেই বলেও এদিন জানিয়ে দেন ট্রাম্প।
তিনি বলেন, ‘সবচেয়ে জরুরি বিষয় হলো, ইরানকে আমরা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দিতে পারি না।’
একই সঙ্গে তেলের দাম খুব শিগগিরই কমে আসবে বলে ভবিষ্যদ্বাণী করেন ট্রাম্প।
এদিকে মার্কিন কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, বুধবার দক্ষিণ ইরানে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালির ওপর দিয়ে ইরানের ড্রোন ওড়ানোর প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয় বলে দাবি ওয়াশিংটনের।