ওমান উপকূলে ভারতীয় পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। একইসঙ্গে পারস্য উপসাগরীয় অঞ্চলে বেসামরিক জাহাজ এবং নিরীহ নাবিকদের লক্ষ্যবস্তু করা থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়।
বৃহস্পতিবার (১৪ মে) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘গতকাল ওমান উপকূলে ভারতীয় পতাকাবাহী জাহাজে যে হামলা হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাণিজ্যিক জাহাজ এবং বেসামরিক নাবিকদের যেভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাই।’
সামুদ্রিক নিরাপত্তা এবং নৌ চলাচলের স্বাধীনতার বিষয়ে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা, নিরীহ বেসামরিক ক্রু সদস্যদের জীবন বিপন্ন করা অথবা নৌ চলাচল ও বাণিজ্যের স্বাধীনতায় বাধা দেওয়া থেকে সবার বিরত থাকা উচিত।’
তবে হামলাটি কারা চালিয়েছে, সে সম্পর্কে বিবৃতিতে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি বলে জানিয়েছে পিটিআই।
পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, আক্রান্ত জাহাজে থাকা সব ভারতীয় ক্রু সদস্য নিরাপদ আছেন। এই ঘটনার পর ওমান কর্তৃপক্ষের দ্রুত সাড়া এবং উদ্ধার তৎপরতার জন্য তাদের ধন্যবাদ জানিয়েছে ভারত।
এর আগে গত ১৮ এপ্রিল ওমান উপকূলে ভারতের দুটি জাহাজ লক্ষ্য করে গুলিবর্ষণ করে ইরানের নৌবাহিনী। আক্রান্ত জাহাজ দুটির একটি বিশাল অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ছিল, যা ইরাক থেকে প্রায় ২০ লাখ ব্যারেল তেল নিয়ে ভারতে আসছিল।
জগ অর্ণব ও সানমার হেরাল্ড নামের জাহাজ দুটিতে হামলার ঘটনায় সেসময়ও নিন্দা জানিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর ব্যাখ্যা চাইতে তলব করা হয় নয়াদিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে।