ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার তার পদে টিকে থাকার জন্য লড়াই করছেন, একই সাথে তিনি তার নিজের কয়েকজন মন্ত্রীসহ লেবার পার্টির সমালোচকদের ডাউনিং স্ট্রিট থেকে পদত্যাগের আহ্বানের মুখোমুখি হচ্ছেন। সপ্তাহের বিপর্যয়কর নির্বাচনের পর লেবার পার্টির এমপিদের মধ্যে বিদ্রোহ ও মন্ত্রীদের পক্ষ থেকে তার কাছে ক্ষমতা হস্তান্তরের একটি সময়সূচি ঘোষণার আহ্বানের মধ্যেই এসব ঘটছে।
কিয়ের স্টারমারের ওপর চাপ বাড়তে থাকায় যুক্তরাজ্যের রাজনীতি নিয়ে নানা প্রশ্ন সামনে আসছে। এর মধ্যে কিছু প্রশ্নের উত্তর এখানে তুলে ধরা হলো:
কতজন এমপি স্টারমারের পদত্যাগ দাবি করেছেন
এখন পর্যন্ত ৮০ জনের বেশি লেবার পার্টির এমপি প্রকাশ্যে কিয়ের স্টারমারকে পদত্যাগ করতে বা প্রধানমন্ত্রী পদ থেকে সরে যাওয়ার সময়সূচি ঘোষণা করতে বলেছেন।
স্টারমার পদত্যাগ করলে কী হবে
সেক্ষেত্রে লেবার পার্টির নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। নিয়ম অনুযায়ী দলটির এমপিদের অন্তত ২০ শতাংশ কোনো বিকল্প প্রার্থীর পক্ষে প্রকাশ্যে সমর্থন দিলে বর্তমান নেতাকে চ্যালেঞ্জ করা যায়। তবে এর আগে স্টারমার তার মন্ত্রিসভাকে বলেছেন, এখনো সেই প্রক্রিয়া শুরু হয়নি।
স্টারমারের জায়গায় কে আসতে পারেন
যাদের নাম আলোচনায় রয়েছে তারা হলেন, স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং, সাবেক উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার ও গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তবে স্ট্রিটিং বা রেনার, কেউই এখনো এ নিয়ে কোনো কথা বলেননি। আর বার্নহ্যাম বর্তমানে এমপি নন, কারণ জানুয়ারিতে তাকে নির্বাচনে প্রার্থী হতে বাধা দেওয়া হয়েছিল।
স্টারমার কবে প্রধানমন্ত্রী হয়েছিলেন
২০২৪ সালের সাধারণ নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হন তিনি। সে নির্বাচনে লেবার পার্টি ৪১২টি আসনের মাঝে ১৭৪টিতে জয়লাভ করেছিল। বর্তমানে দলটির আসন সংখ্যা ৪০৩টি। স্টারমার ২০২০ সাল থেকে লেবার পার্টির নেতা।
স্টারমার কি সাধারণ নির্বাচনের ঘোষণা দিতে পারেন
হ্যাঁ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী চাইলে আগাম সাধারণ নির্বাচন ডাকতে পারেন। এজন্য তাকে রাজা তৃতীয় চার্লসের কাছে পার্লামেন্ট ভেঙে দেওয়ার অনুরোধ করতে হবে। নির্বাচনকে সামনে রেখে পার্লামেন্ট বন্ধ করার এই প্রক্রিয়াকে আনুষ্ঠানিকভাবে 'ডিজলভ' বলে। এরপর বর্তমান ৬৫০ জন এমপির মধ্যে যারা নিজেদের আসন ধরে রাখতে চান, তাদের আবার নির্বাচনে অংশ নিতে হবে।
যুক্তরাজ্যের পরের সাধারণ নির্বাচন কবে
পরের সাধারণ নির্বাচন ২০২৯ সালের ১৫ই অগাস্টের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে চাইলে স্টারমার তার আগেই নির্বাচন ডাকতে পারেন।