জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার (১৩ মে) ৮ ঘণ্টা রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (১২ মে) এক বার্তায় এ তথ্য জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।
এতে বলা হয়, জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের স্বার্থে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঝিলমিল-১ উপকেন্দ্রের হাবিবনগর ফিডারের আওতাধীন হাবিবনগর, শুভাঢ্যা উত্তরপাড়া, বেগুনবাড়ী (আংশিক), দারুসসালাম, চানমিয়া মসজিদ এলাকা, দেওয়ানবাড়ী এলাকা, নোমানিয়া মাদ্রাসা এলাকা, ইকবাল নগর ও গোলামবাজার মহিলা মাদ্রাসা এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
হাবিবনগর ফিডারটির বর্তমান পিক লোড প্রায় চার মেগাওয়াট, যা স্বাভাবিকের তুলনায় অধিক। গ্রাহকদের আরও মানসম্মত, স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ফিডারটির লোড বিভাজনের মাধ্যমে নতুন ফিডার নির্মাণকাজ বাস্তবায়ন করা হবে। এর ফলে সিস্টেম লস হ্রাস পাবে এবং ভবিষ্যতে গ্রাহকরা আরও উন্নত সেবা উপভোগ করবেন।