আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মোটরসাইকেলের ওপর নতুন করে অগ্রিম আয়কর (এআইটি) আরোপের পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রস্তাবনা অনুযায়ী, ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলের ক্ষেত্রে কোনো অগ্রিম আয়কর দিতে হবে না। তবে এর বেশি সিসির মোটরসাইকেলের ক্ষেত্রে ধাপে ধাপে কর আরোপ করা হতে পারে।
জানা যায়, সিসিভেদে মোটরসাইকেলের ওপর বছরে দুই হাজার টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত অগ্রিম আয়কর নির্ধারণের প্রস্তাব বিবেচনায় রয়েছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ১১০ সিসি পর্যন্ত কোনো অগ্রিম আয়কর নয়। ১১১ থেকে ১২৫ সিসি বছরে দুই হাজার টাকা। ১২৬ থেকে ১৬৫ সিসি বছরে পাঁচ হাজার টাকা ও ১৬৫ সিসির বেশি বছরে ১০ হাজার টাকা।
বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৪৮ লাখ ৭০ হাজার ৭৮০।
বর্তমানে মোটরসাইকেলের মালিকদের অগ্রিম আয়কর দিতে হয় না। তবে এককালীন নিবন্ধন ফি ও নির্ধারিত সময় পরপর রোড ট্যাক্স পরিশোধ করতে হয়। বিদ্যমান কাঠামো অনুযায়ী, ৫০ থেকে ১২৫ সিসি মোটরসাইকেলের মোট রেজিস্ট্রেশন ফি নয় হাজার ২৯১ টাকা। এ ছাড়া দুই বছর পরপর এক হাজার ১৫০ টাকা করে চার কিস্তিতে মোট চার হাজার ৬০০ টাকা রোড ট্যাক্স দিতে হয়।
অন্যদিকে, ১২৫ সিসির বেশি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ফি ১১ হাজার ৭৬৪ টাকা। দুই বছর পরপর দুই হাজার ৩০০ টাকা করে চার কিস্তিতে মোট নয় হাজার ২০০ টাকা রোড ট্যাক্স পরিশোধ করতে হয়।
বর্তমান আয়কর আইন অনুযায়ী, ব্যাটারিচালিত রিকশা ও মোটরসাইকেল মালিকরা পরিশোধিত অগ্রিম আয়কর আয়কর রিটার্নের সঙ্গে সমন্বয় করার সুযোগ পাবেন।