সোমবার তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছে অভিনেতা বিজয় থালাপতির দল তামিলাগা ভেট্টরি কাজাগাম (টিভিকে)। এই বিশাল জয়ের পর বিজয় সোজা চলে যান চেন্নাইতে তার মা-বাবার বাড়িতে।
সেখানে পরিবারের সবার সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, উদযাপনের সময় বিজয়ের সঙ্গে যোগ দেন তার ভাই-বোনেরাও। সবাই মিলে হাততালি দিয়ে এবং উল্লাস করে দিনটি উদযাপন করেন।
বিজয়ের সঙ্গে ছবি তোলা এবং খোশগল্পে মেতে ওঠার সময় পুরো পরিবারকে বেশ আনন্দিত দেখাচ্ছিল।
এরপর বাড়ি থেকে বের হওয়ার সময় বিজয় বাইরে অপেক্ষারত সংবাদমাধ্যমকর্মীদের অভিবাদন জানান। সমর্থকদের উদ্দেশেও হাত নাড়েন। নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।
এদিকে গতকাল বিজয়ের চেন্নাইয়ের বাসভবনে দেখা গেছে জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণানকেও। বিজয়ের বাড়ি থেকে বের হওয়ার সময় তিনি উপস্থিত জনতার উদ্দেশে হাত নাড়েন এবং থাম্বস-আপ সংকেত দেখান। তৃষার এই ভঙ্গিকে অনেকেই নির্বাচনে টিভিকের দুর্দান্ত পারফরম্যান্সের প্রতি একটি সূক্ষ্ম সমর্থন হিসেবে দেখছেন।
প্রথমবার রাজনীতিতে নেমেই তাক লাগিয়ে দিয়েছে টিভিকে। ২৩৪টি আসনের মধ্যে ১০০টিরও বেশি আসনে এগিয়ে থেকে রাজ্যের একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে তারা।
যদিও সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১১৮টি আসনের ম্যাজিক ফিগার তারা স্পর্শ করতে পারেনি, তারপরও এই শক্তিশালী অবস্থান তামিলনাড়ুর রাজনীতিতে বিজয়ের এক নতুন অধ্যায়ের সূচনা করল।
রুপালি পর্দা থেকে জনসেবায় তার এই রূপান্তর রাজ্য রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।