প্রায় আড়াই মাস পর দেশে আসছে অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) চালান। সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন ক্রুড নিয়ে অয়েল ট্যাংকার এমটি নিনেমিয়া বুধবার (৫ মে) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। ফলে সচল হতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রীয় জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি। এর আগে, কাঁচামাল সংকটে গত ১২ এপ্রিল রিফাইনারির মূল প্ল্যান্টে উৎপাদন বন্ধ হয়ে যায়।
ক্রুড ওয়েলের নতুন চালানে আগামী ৭ মে বা ৮ মে রিফইনারি চালু করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এদিকে ইআরএল-এ উৎপাদন নিরবচ্ছিন্ন রাখতে আমদানি করা হচ্ছে আরও দুই লাখ টন ক্রুড অয়েল যা মে ও জুনে দেশে পৌঁছাতে পারে বলে জানা যায়।
দেশে ক্রুড অয়েলের সর্বশেষ চালানটি এসেছিল গত ১৮ ফেব্রুয়ারি। এরপর যুদ্ধাবস্থার কারণে নানামুখী চেষ্টার পরও ক্রুড অয়েলের কোনো চালান আমদানি করা যায়নি। এক লাখ টন ক্রুড বোঝাই করার পর সৌদি আরবের রাস তানুরা বন্দরে আটকা পড়ে নর্ডিক পোলাক্স নামের একটি জাহাজ। শেষে বিকল্প রুট ব্যবহার করে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ক্রুড আনার উদ্যোগ নেওয়া হয়। এই বন্দর থেকে ক্রুড বোঝাই করে এমটি নিনেমিয়া চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দেয় গত ২১ এপ্রিল।
বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থানা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, এমটি নিনেমিয়া বুধবার সকাল ১১ টার দিকে কুতুবদিয়া বহির্নোঙরে পৌঁছাবে। এরপর বহির্নোঙরেই লাইটারিংয়ের মাধ্যমে (ছোট জাহাজযোগে) তেল খালাস করে নিয়ে যাওয়া হবে ইস্টার্ন রিফাইনারিতে।
তিনি আরও জানান, দ্রুতই আসছে ক্রুড অয়েলের দুই লাখ টনের আরও বড় দুটি চালান। এর মধ্যে আগামী ১০ মে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরে এমটি ফসিল নামের একটি ট্যাংকারে লোড করা হবে এক লাখ টন। এটি ২০-২১ মে চট্টগ্রাম পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া মে-এর শেষ দিকে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে অন্য একটি জাহাজে এক লাখ টন ক্রুড লোড করার প্রক্রিয়া চলছে।