যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউসের খবর সংগ্রহ করা সাংবাদিকদের নৈশভোজে গুলির ঘটনা তাকে ইরান যুদ্ধে ‘জয়ী হওয়া থেকে নিবৃত্ত করতে পারবে না’। এই ঘটনার সঙ্গে যুদ্ধের সংশ্লিষ্টতা থাকার ‘সম্ভাবনা কম’ বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (২৫ এপ্রিল) রাতে বার্ষিক এই অনুষ্ঠান চলাকালে ওয়াশিংটন হিলটন হোটেলের বলরুমের বাইরে গুলিবর্ষণ শুরু হলে ট্রাম্পসহ শীর্ষ মার্কিন নেতাদের সেখান থেকে দ্রুত সরিয়ে নেওয়া হয়।
পরে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে এই ঘটনা আমাকে দমাতে পারবে না।’
ঘটনার উদ্দেশ্য সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি জানি না, এর সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক আছে কি না। আমরা এখন পর্যন্ত যা জানি, তাতে আমার মনে হয় না তেমন কিছু আছে।’
এর আগে অবশ্য তিনি বলেছিলেন, ইরান যুদ্ধের সঙ্গে এর কোনো যোগসূত্র আছে কি না, তা ‘বলা যাচ্ছে না’। তদন্তকারী কর্মকর্তারা হামলাকারীর উদ্দেশ্য খতিয়ে দেখছেন।
শনিবার ট্রাম্প ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে তার প্রতিনিধিদের সফর বাতিল করেন এবং বলেন, আলোচনার জন্য তেহরান চাইলে ‘আমাদের ফোন করতে পারে।’
অবশ্য মার্কিন প্রেসিডেন্ট তার প্রতিনিধিদের সফর বাতিল করার আগেই ইসলামাবাদ ত্যাগ করেছিল ইরানি প্রতিনিধি দল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছিলেন, তারা কেবল পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে আলোচনা করতে ইসলামাবাদ গেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনার জন্য সেখানে যাননি।
তথ্যসূত্র: মিডল ইস্ট আই