বিদেশি প্রতিনিধিদলের আগমনকে কেন্দ্র করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। শহরের ‘রেড জোন’ যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। নাগরিকদের সুবিধার্থে বিকল্প ট্রাফিক পরিকল্পনা ঘোষণা করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানায় ইসলামাবাদ পুলিশ।
বিবৃতিতে বলা হয়, বিদেশি প্রতিনিধিদলের আগমন ঘিরে ‘রেড জোন’ ও বর্ধিত ‘রেড জোন’ সব ধরনের যান চলাচলের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিকল্প ট্রাফিক পরিকল্পনা কার্যকর থাকবে।
ইসলামাবাদের ডেপুটি কমিশনার (ডিসি) ইরফান নওয়াজ মেমন জানিয়েছেন, রাজধানীতে গণপরিবহন ও ভারী যানবাহন চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
রাওয়ালপিন্ডি জেলা প্রশাসনও এদিন দুপুর থেকে সব ধরনের গণপরিবহন ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে।
এক প্রতিবেদনে ডন জানিয়েছে, পুলিশের বিবৃতিতে কোন দেশের প্রতিনিধিদল আসছে, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা না হলেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফার আলোচনার প্রস্তুতি হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে এখন পর্যন্ত আলোচনার কোনো তারিখ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
এদিকে একাধিক সূত্র ডনকে জানিয়েছে, সংশ্লিষ্ট দেশগুলোর অগ্রবর্তী দল এরই মধ্যে ইসলামাবাদে পৌঁছাতে শুরু করেছে। তারা রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে অবতরণ করেছে বলে জানা গেছে।
নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে এই অগ্রবর্তী দল ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের’ (ভিভিআইপি) জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করবে।
খবর পাওয়া গেছে, ইসলামাবাদের বিলাসবহুল হোটেলগুলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। হোটেল, হোস্টেল ও গেস্ট হাউস কর্তৃপক্ষকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুলিশ ও প্রশাসন। রাওয়ালপিন্ডিতে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন করে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।