ওমান উপকূলে ভারতের দুটি জাহাজে গুলিবর্ষণ করেছে ইরানের নৌবাহিনী। সংশ্লিষ্ট সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, শনিবার (১৮ এপ্রিল) আক্রান্ত জাহাজ দুটির একটি বিশাল অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ছিল, যা ইরাক থেকে প্রায় ২০ লাখ ব্যারেল তেল নিয়ে ভারতের পথে আসছিল।
গুলিবর্ষণের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জগ অর্ণব ও সানমার হেরাল্ড নামে ভারতের দুটি জাহাজে হামলার ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র প্রতিবাদ জানিয়েছে বলে খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস। এ বিষয়ে ব্যাখ্যা চাইতে নয়াদিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে এরই মধ্যে তলব করা হয়েছে।
বর্তমানে হরমুজ প্রণালিতে ভারতের কোনো যুদ্ধজাহাজ না থাকলেও ওমান উপসাগরে দুটি ডেস্ট্রয়ার, একটি ফ্রিগেট ও একটি ট্যাংকার মোতায়েন রয়েছে।
এদিকে ভারতীয় জাহাজ দুটির ওপর সরাসরি আক্রমণ পারস্য উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।
ভারতের এক কর্মকর্তা বলেছেন, জাহাজ দুটি লক্ষ্য করেই গুলি ছোড়া হয়।
অথচ ইরান এর আগে আশ্বাস দিয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িত নয় এমন দেশগুলোকে লক্ষ্যবস্তু করা হবে না।
মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ভারতীয় পতাকাবাহী জগ অর্ণব জাহাজটি সৌদি আরবের আল জুবাইল থেকে ভারতের পথে আসছিল।
বিশ্বের মোট অপরিশোধিত তেলের ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। উপসাগরীয় দেশগুলো থেকে জ্বালানি আমদানির ওপর নির্ভরশীলতার কারণে ভারতের বিপুলসংখ্যক জাহাজ এই নৌপথ ব্যবহার করে।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের মধ্যে ভারতকে ‘বন্ধুপ্রতিম’ দেশ হিসেবে তালিকাভুক্ত করেছিল ইরান। এমনকি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে দক্ষিণ এশিয়ার দেশটির জাহাজ চলাচলে বিশেষ অনুমতিও দেওয়া হয়েছিল।