যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে তেহরানে পৌঁছেছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ বুধবার (১৫ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছে।
পাকিস্তানি সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, পাকিস্তানের সেনাপ্রধান ওয়াশিংটনের একটি বিশেষ বার্তা নিয়ে এসেছেন। তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে দেখা করবেন এবং দুই দেশের মধ্যে ‘দ্বিতীয় দফার আলোচনা’ নিয়ে কথা বলবেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে সিএনএনের মন্তব্যের অনুরোধে এখন পর্যন্ত কোনো সাড়া দেয়নি।
গত ১১ এপ্রিল ইসলামাবাদের সেরেনা হোটেলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক কোনো ধরনের সমঝোতা ছাড়াই শেষ হয়। এরপরই দ্বিতীয় দফার আলোচনার জন্য ব্যাপক কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে।
এদিকে ইসলামাবাদের সেই সেরেনা হোটেলেই আগামী দুই দিনের মধ্যে ‘কিছু একটা’ ঘটার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে দায়িত্বরত দ্য নিউইয়র্ক পোস্টের এক সাংবাদিককে শহরটিতে অবস্থান করার পরামর্শ দিয়ে ট্রাম্প বলেন, আগামী দুই দিনে সেখানে বিশেষ কিছু হতে পারে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বুধবার নিশ্চিত করেছেন, পাকিস্তানের মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান অব্যাহত রেখেছে।