ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার বিষয়ে কোনো ধরনের চাপের কাছে ‘নতি স্বীকার’ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, ‘এটি আমাদের যুদ্ধ নয়। এই যুদ্ধে যোগ দেওয়া আমাদের জাতীয় স্বার্থের অনুকূলে নয়।’
ব্রিটিশ পার্লামেন্টে বুধবার (১৫ এপ্রিল) তিনি এসব মন্তব্য করেন বলে জানিয়েছে বিবিসি।
এর আগের রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া এক হুমকির পরিপ্রেক্ষিতেই স্টারমারের পক্ষ থেকে এ মন্তব্য এল। ইরান যুদ্ধ নিয়ে ব্রিটিশ অর্থমন্ত্রী র্যাচেল রিভসের সমালোচনার পর ট্রাম্প হুমকি দেন, যুক্তরাজ্যের সঙ্গে করা বিদ্যমান বাণিজ্য চুক্তি তিনি প্রয়োজনে বাতিল বা পরিবর্তন করবেন।
ট্রাম্পের সেই হুমকির প্রসঙ্গ টেনে পার্লামেন্টে সংসদ সদস্যদের উদ্দেশে স্টারমার বলেন, ‘এটি আমাদের যুদ্ধ নয়। ভিন্ন পথ অবলম্বনের জন্য (যুদ্ধে জড়াতে) আমার ওপর প্রচুর চাপ দেওয়া হয়েছে এবং গত রাতে যা ঘটেছে (ট্রাম্পের মন্তব্য), সেটিও সেই চাপেরই অংশ।’
‘আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করব না। আমি নতি স্বীকার করব না। এই যুদ্ধে যোগ দেওয়া আমাদের জাতীয় স্বার্থের অনুকূলে নয় এবং আমরা তা করব না। আমি জানি, আমার অবস্থান কোথায়,’ যোগ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।