যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অব্যাহত থাকলে পারস্য উপসাগর, লোহিত সাগর ও ওমান উপসাগরে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ অপারেশনাল কমান্ড খতম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আলী আবদুল্লাহি বুধবার (১৫ এপ্রিল) এ হুঁশিয়ারি দেন বলে জানিয়েছে বিবিসি।
তিনি বলেছেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র যদি তাদের অবরোধ চালিয়ে যায় এবং ইরানের বাণিজ্যিক ও তেলবাহী জাহাজের জন্য ঝুঁকি তৈরি করে, তাহলে তা হবে ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রথম ধাপ’।
‘এর প্রতিক্রিয়ায় ইরানের সশস্ত্র বাহিনী পারস্য উপসাগর, ওমান উপসাগর ও লোহিত সাগর দিয়ে কোনো ধরনের আমদানি বা রপ্তানি কার্যক্রম চলতে দেবে না,’ যোগ করেন আব্দুল্লাহি।
যে বিশাল সমুদ্রসীমার কথা তিনি উল্লেখ করেছেন, তার পরিধি অনেক বড় হলেও, কোন কোন দেশের আমদানি-রপ্তানি এতে ক্ষতিগ্রস্ত হতে পারে, তা তিনি নির্দিষ্ট করে বলেননি।
গত সোমবার থেকে ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ চলছে। বুধবার মার্কিন সামরিক বাহিনী জানায়, প্রথম ২৪ ঘণ্টায় কোনো জাহাজই এই অবরোধ পেরিয়ে যেতে পারেনি এবং ওমান উপসাগর থেকে ছয়টি বাণিজ্যিক জাহাজকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের প্রায় ছয় সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের পর গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল, যার উল্লেখ আবদুল্লাহি তার বক্তব্যে করেছেন।
এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফার আলোচনা ব্যর্থ হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী দুই দিনের মধ্যে এই আলোচনা পুনরায় শুরু হতে পারে।
যদিও এখন পর্যন্ত বিষয়টি নিশ্চিত করেনি ইরান।