ভারতের বেঙ্গালুরুতে ঘরে স্বামীর ঝুলন্ত লাশ দেখে বহুতল ভবন থেকে ঝাঁপ দিয়ে এক নারী আত্মহত্যা করেছেন। সোমবার (৩০ মার্চ) বেঙ্গালুরুর কোঠানুর এলাকার এক ভবনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রের বরাতে ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়, তেলেঙ্গানার বাসিন্দা ওই দম্পতি বেঙ্গালুরুর একটি বহুতল আবাসনে থাকতেন। সোমবার প্রথমে স্বামী ভানু চন্দর রেড্ডি কুন্টা (৩২) নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এর কয়েক মিনিট পরই ভবনের ১৭ তলা থেকে ঝাঁপ দেন তার স্ত্রী বিবি সাজিয়া সিরাজ (৩১)।
পুলিশ জানায়, ভানু চন্দর তেলেঙ্গানার সিদ্দিপেটের বাসিন্দা ছিলেন। তার স্ত্রী সাজ়িয়া আইবিএমে কর্মরত ছিলেন। সোমবার সাজিয়া তার মায়ের বাসা থেকে ফিরে দেখতে পান তাদের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও স্বামীর কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি নিরাপত্তারক্ষী ও প্রতিবেশীদের খবর দেন। পরে দরজা ভেঙে ভানুর ঝুলন্ত লাশ দেখা যায়। এ সময় স্বামীর নিথর দেহ দেখে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন সাজিয়া। কিছু বুঝে ওঠার আগেই তিনি বহুতলের ১৭ তলা থেকে নীচে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই সাজিয়ার মৃত্যু হয়।
একই দিনে দম্পতির এমন রহস্যজনক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায়। পরিবারের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ।
তবে কী কারণে তারা আত্মহত্যার পথ বেছে নিলেন, তা এখনো স্পষ্ট নয়। এই দম্পতির মধ্যে কোনো পারিবারিক কলহ বা অশান্তি ছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।