দক্ষিণ লেবাননে সাংবাদিকদের বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় তিন লেবানিজ সাংবাদিক নিহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
লেবাননের জেজিন শহরে শনিবার (২৮ মার্চ) চালানো এই বিমান হামলায় নিহতরা হলেন—হিজবুল্লাহ পরিচালিত আল-মানার টিভির প্রতিবেদক আলী শোয়েব এবং আল-মায়াদিন সংবাদমাধ্যমের প্রতিবেদক ফাতিমা ও মোহাম্মদ ফেতোনি।
এদিকে সাংবাদিকদের ওপর এই হামলাকে ‘জঘন্য অপরাধ’ হিসেবে নিন্দা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন।
তিনি বলেছেন, এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন, যেখানে যুদ্ধকালীন সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করার কথা বলা আছে।
ইসরায়েলি সামরিক বাহিনী সাংবাদিক আলী শোয়েবকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তাদের দাবি, তিনি সাংবাদিকের ছদ্মবেশে হিজবুল্লাহর সক্রিয় সদস্য হিসেবে কাজ করছিলেন।
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বারের মতো লেবাননে সাংবাদিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ উঠল ইসরায়েলের বিরুদ্ধে।
গত সপ্তাহে আল-মানার টিভির প্রখ্যাত উপস্থাপক মোহাম্মদ শেরি এবং তার স্ত্রী একইভাবে লক্ষ্যভেদী হামলায় নিহত হন।
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় এ পর্যন্ত ১২০ জন শিশু ও ৪২ জন জরুরি স্বাস্থ্যকর্মীসহ ১ হাজার ১০০ এর বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
তথ্যসূত্র: বিবিসি