ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহী গোষ্ঠী শনিবার (২৮ মার্চ) ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার ঘোষণা দিয়েছে। এর মধ্য দিয়ে তারা সরাসরি এই যুদ্ধে নিজেদের জড়িয়ে পড়ার বিষয়টি নিশ্চিত করল।
এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, ‘সর্বশক্তিমান আল্লাহর সহায়তায় ইয়েমেনি সশস্ত্র বাহিনী প্রথম সামরিক অভিযান পরিচালনা করেছে। দক্ষিণ ফিলিস্তিনের দখলকৃত এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনীর স্পর্শকাতর লক্ষ্যবস্তুগুলোতে একঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়েছে।’
এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছিল, তারা ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে একটি ক্ষেপণাস্ত্র ধেয়ে আসতে দেখেছে এবং সেটি প্রতিহত করার চেষ্টা করছে।
হুতিদের বিবৃতিতে বলা হয়, ‘লেবানন, ইরান, ইরাক ও ফিলিস্তিনের ভাইদের ওপর ক্রমাগত সামরিক আগ্রাসন, অবকাঠামোতে হামলা এবং নির্বিচারে হত্যাকাণ্ড ও অপরাধের সরাসরি জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে।’
হুতিদের এক কর্মকর্তা এর আগে সিএনএনকে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি তাদের হামলার মাত্রা বাড়ায়, তাহলে তারা ইরানের সমর্থনে এই যুদ্ধে যোগ দিতে প্রস্তুত।
হুতিদের তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মনসুর সিএনএনকে পাঠানো এক বার্তায় জানান, লোহিত সাগরের সঙ্গে বিশ্ব বাণিজ্যপথকে যুক্তকারী গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালী বন্ধ করে দেওয়া তাদের একটি ‘কার্যকর বিকল্প’ হতে পারে।