ভারতের কর্ণাটকের তুমকুর শহরে শ্রী সিদ্ধার্থ মেডিকেল কলেজের (এসএসএমসি) ছাত্রীকে শ্রেণিকক্ষে এক শিক্ষক প্রেম নিবেদন করায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।
এই ঘটনার জেরে ওই সহকারী অধ্যাপককে মারধর করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এমনকি ওই ছাত্রীও তার শিক্ষককে জুতাপেটা করেছেন বলে জানিয়েছে এনডিটিভি।
কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরের মালিকানাধীন প্রতিষ্ঠানটি অধ্যাপককে এরই মধ্যে সাময়িক বরখাস্ত করেছে এবং তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।
শিক্ষার্থীদের ধারণ করা এক ভিডিওতে দেখা যায়, আব্দুল নামে ওই অধ্যাপক বলছেন, ‘এই ব্যাচের সবার ভালোবাসায় আমি নিজেকে সামলাতে পারছি না। আমি তোমাদের ব্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজনকে প্রেম নিবেদন করতে চাই এবং পুরো ব্যাচকে চকলেট দিতে চাই।’
ভিডিওর শেষের দিকে ছাত্রীকে তিনি ‘আমি তোমাকে ভালোবাসি’ বলেন।
অধ্যাপক পোডিয়াম থেকে নামতেই ছাত্রীটি প্রতিবাদ করে ওঠেন এবং তাকে অধ্যক্ষের সঙ্গে কথা বলতে বলেন।
তর্কাতর্কির একপর্যায়ে অধ্যাপক দাবি করেন, ওই ছাত্রীই আগে তাকে ভালোবাসার কথা জানান। এর প্রমাণ তার কাছে আছে।
অধ্যাপক যখন ছাত্রীকে প্রশ্ন করেন, “তুমি কি ‘আই লাভ ইউ’ বলোনি?”, তিনি তখন জানতে চান, ‘আমি কখন তা বললাম?’
জবাবে অধ্যাপক বলেন, ‘তোমার প্রেম নিবেদনের সিসিটিভি ফুটেজ আমার কাছে আছে।’
ছাত্রী প্রমাণ দেখাতে বললে অধ্যাপক বলেন, ‘তোমার সঙ্গে কাল কথা বলব।’
কিন্তু ছাত্রীটি কথা বলতে রাজি হননি। অধ্যাপক তখন ‘ঠিক আছে’ বলে শিক্ষার্থীদের চকলেট খেতে বলে ক্লাসরুম থেকে বেরিয়ে যান।
ঘটনাটি জানাজানি হলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং অধ্যাপকের মুখোমুখি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে তা হাতাহাতি ও মারধরে গড়ায়।
ক্যাম্পাসের অন্য এক ভিডিওতে দেখা যায়, ওই ছাত্রী অধ্যাপককে জুতা দিয়ে পেটাচ্ছেন। অন্য শিক্ষার্থীরাও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করছে।
জানা গেছে, অধ্যাপককে পুরো ক্যাম্পাসজুড়ে ধাওয়া করা হয় এবং তার গাড়ির কাছে তাকে আবারও মারধর করা হয়।
এরপর আহত অবস্থায় কোনোমতে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। কলেজ কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে এনডিটিভি।