ইরানের উপকূল বা দ্বীপে হামলা চালানো হলে পুরো পারস্য উপসাগরে মাইন পেতে দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জবাবে এ সতর্কবার্তা দিয়েছেন। এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন—তেহরান হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হবে। সংবাদমাধম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ইরানের জাতীয় প্রতিরক্ষা পরিষদ এক বিবৃতিতে জানায়, দেশটির উপকূল বা দ্বীপে কোনো ধরনের হামলার চেষ্টা করা হলে পারস্য উপসাগরের সব যোগাযোগপথে মাইন পেতে দেওয়া হবে।
বিবৃতিতে আরও বলা হয়, যেসব দেশ এই যুদ্ধে জড়িত নয়, তাদের হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ক্ষেত্রে ইরানের সঙ্গে সমন্বয় করতে হবে।
এদিকে, ট্রাম্প ইরানের খারগ দ্বীপ দখলের পরিকল্পনা বিবেচনা করছেন বলে জানা গেছে। উপসাগরের উত্তর অংশে ইরানের উপকূল থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপটি দেশটির তেল রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
খারগ দ্বীপে থাকা সংরক্ষণ ট্যাংক ও তেল পাম্পিং স্থাপনার মাধ্যমে ইরানের প্রায় ৯০ শতাংশ তেল রপ্তানি পরিচালিত হয়।