হরমুজ প্রণালি দিয়ে সীমিত সংখ্যক তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে ইরান। তবে এর জন্য শর্ত হিসেবে তেলের কার্গোগুলোকে চীনের মুদ্রা ইউয়ানে লেনদেন করতে হবে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
ওই কর্মকর্তা বলেন, কৌশলগত এই জলপথ দিয়ে ট্যাংকার চলাচল নিয়ন্ত্রণে একটি নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে তেহরান।
বর্তমানে আন্তর্জাতিক বাজারে অধিকাংশ তেল বাণিজ্য মার্কিন ডলারে সম্পন্ন হয়। তবে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার তেল ক্রমেই রুবল বা ইউয়ানে বিক্রি হচ্ছে। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি বাজারে নিজেদের মুদ্রার ব্যবহার বাড়াতে চেষ্টা করছে চীন।