সংযুক্ত আরব আমিরাতের একটি প্রধান জ্বালানি স্থাপনা থেকে শনিবার (১৪ মার্চ) কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। দেশটির দাবি, একটি ড্রোন সফলভাবে ভূপাতিত করার পর তার ধ্বংসাবশেষ নিচে পড়লে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ইরানের গুরুত্বপূর্ণ তেল শিল্পের কেন্দ্র খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার কয়েক ঘণ্টা পরই এই ঘটনা ঘটল।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আমিরাতের প্রধান বন্দর নগরী ফুজাইরাহ থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে।
এই বন্দর উপসাগরীয় অঞ্চলের তেল বাণিজ্য ও রপ্তানি টার্মিনাল হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, একটি ড্রোন সফলভাবে ভূপাতিত করার পর তার ধ্বংসাবশেষ নিচে পড়লে এই আগুনের সূত্রপাত হয়।
তবে ঘটনার সঠিক অবস্থান তারা উল্লেখ করেনি।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের ‘বিমান প্রতিরক্ষাব্যবস্থা ইরানের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মোকাবিলা করছে’।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মার্কিন বাহিনী ইরানের খারগ দ্বীপের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে।
খারগ দ্বীপ ইরানের তেল শিল্পের প্রধান কেন্দ্র। দেশটির প্রায় সব অপরিশোধিত তেল রপ্তানি এই দ্বীপের মাধ্যমেই সম্পন্ন হয়।
ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, দ্বীপটির জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান বনাম ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোগুলো প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
এর আগে ইসরায়েল তেহরানের তেল ডিপোগুলোতে হামলা চালায়। এর প্রতিশোধ নিতে ইরান কুয়েত থেকে ওমান পর্যন্ত উপসাগরীয় অঞ্চলের প্রধান জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে।
এসব হামলার বেশিরভাগই ছিল বড় তেল ও গ্যাস শোধনাগারগুলোকে কেন্দ্র করে; যার মধ্যে সৌদি আরবের বিশাল রাস তানুরা শোধনাগার, কাতারের রাস লাফান গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র ও সংযুক্ত আরব আমিরাতের রুওয়াইস শোধনাগার অন্যতম।
ইরান যুদ্ধের ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবহন করা হতো।
ইরান বর্তমানে এই রুটে চলাচল বন্ধ করে দিয়েছে; যা বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের ওপর প্রবল চাপ সৃষ্টি করেছে।
তথ্যসূত্র: এনডিটিভি