দেশের বাজারে টানা চার দফা কমার পর আবারও বাড়ল সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বিজ্ঞপ্তিতে শনিবার (১৩ জুন) এ তথ্য জানানো হয়।
কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
বাজুস এবার ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ছয় হাজার ৫৯০ টাকা বাড়িয়ে দুই লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করেছে। এ ছাড়া নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৪ হাজার ৫৮ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা এক লাখ ৪৯ হাজার ৮৮২ টাকায় বিক্রি হবে।
এর আগে গত ১১ জুন সকালে দেশের বাজারে সবশেষ সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে চার হাজার ৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ১৮ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৮ হাজার ৪৩৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা নির্ধারণ করা হয়, যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ৭৪ বার সমন্বয় করা হলো, যেখানে দাম ৩৮ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ৩৬ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।
এদিকে সোনার দাম বাড়ানোর পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৯১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার ১৩২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৯২ টাকা বাড়িয়ে চার হাজার ৮৯৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৩৩ টাকা বাড়িয়ে চার হাজার ১৯৯ টাকা ও সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে তিন হাজার ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।