নিউজিল্যান্ড-কানাডা ম্যাচে টসের সময় নিউজিল্যান্ড দলের নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনারকে দেখা যায়নি। অসুস্থতার কারণে খেলতে না পারায় টসে অংশ নেন ড্যারিল মিচেল, আর স্যান্টনারের জায়গায় দলে সুযোগ পান কোল ম্যাককনকি।
অনেকেই প্রথমে বিষয়টি নিয়ে বিভ্রান্ত হলেও পরে জানা যায়, অসুস্থতার কারণে খেলতে পারেননি স্যান্টনার। ম্যাচের আগের রাতে চেন্নাইয়ের টিম হোটেলে বার্গার খাওয়ার পর খাদ্যে বিষক্রিয়াজনিত সমস্যায় পড়েন তিনি। ফলে তাকে বিশ্রামে রাখা হয় এবং মিচেলকে ভারপ্রাপ্ত অধিনায়ক করা হয়। একই সঙ্গে পেসার ফার্গুসন ব্যক্তিগত কারণে দেশে ফেরায় জেমিসনকে একাদশে অন্তর্ভুক্ত করা হয়।
তবে দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতি মাঠে খুব প্রভাব ফেলেনি। গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্রর অপরাজিত অর্ধশতকে ভর করে নিউজিল্যান্ড ৮ উইকেটে জয় তুলে নেয়। এই জয়ের ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জায়গা নিশ্চিত করে কিউইরা।
ম্যাচ-পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিচেল বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে স্যান্টনারের উন্নতি হচ্ছে। আশা করি আগামীকালের মধ্যেই সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে।’ অধিনায়ক অসুস্থ থাকলেও দলের পারফরম্যান্সে তার প্রভাব পড়েনি, বরং দারুণ জয় নিয়ে পরের পর্বে পা রেখেছে নিউজিল্যান্ড।