চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াইয়ের আগে নতুন বিতর্ক করে উসকে দিলেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। অসুস্থতা কাটিয়ে ওঠা ভারতের ব্যাটার অভিষেক শর্মাকে দক্ষ ব্যাটার হিসেবে স্বীকৃতি দিতে নারাজ তিনি। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে উত্তেজনা যখন তুঙ্গে, তখন আমিরের মন্তব্যে যোগ হয়েছে বাড়তি উত্তাপ।
একটি পাকিস্তানি টিভি শো’তে আমির বলেন, ‘আমি যতটুকু দেখেছি, সঠিকভাবে বললে সে কেবলই একজন স্লগার। আমার মনে হয় না সে খুব দক্ষ ব্যাটার। সে শুধু চায় বল একটি নির্দিষ্ট জায়গায় আসুক এবং সেভাবেই মারতে চায়। বল যদি সামান্য সুইংও করে, তখন সে কীভাবে সামলায়; তা না দেখা পর্যন্ত তাকে পূর্ণাঙ্গ ব্যাটার বলব না।’
তিনি আরও পরামর্শ দেন, পাকিস্তানি বোলারদের উচিত অভিষেককে শর্ট-পিচ বা বডিলাইন বোলিং এবং স্লোয়ার ডেলিভারিতে চাপে রাখা। আমিরের দাবি, অভিষেকের ধৈর্য ও কৌশল সীমিত।
এদিকে, গুরুতর পেটের সংক্রমণে ভুগে হাসপাতালে ভর্তি হওয়া অভিষেক এখন সুস্থতার পথে। অসুস্থতার কারণে তার ওজনও কমে গিয়েছিল। তবে সতীর্থ স্পিনার বরুণ চক্রবর্তী তার ব্যাপারে ইতিবাচক বার্তা দিয়েছেন।
বরুণ বলেন, ‘আমি তার সঙ্গে কথা বলেছি, সে ভালো আছে। আজও কিছুটা অনুশীলন করেছে। সে বলেছে, সে ফেরার পথে আছে।’ অভিষেক দলের সঙ্গে ইতোমধ্যে কলম্বোতে পৌঁছেছেন এবং চূড়ান্ত ফিটনেস পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে তাকে।
এদিকে ভারত টুর্নামেন্টেও দারুণ সূচনা করেছে। যুক্তরাষ্ট্র ও নামিবিয়ার বিপক্ষে টানা দুই জয় পেয়েছে তারা। রোববার পাকিস্তানকে হারাতে পারলে ‘ম্যান ইন ব্লু’ নিশ্চিত করবে সুপার এইটে জায়গা।