বাংলাদেশ ছেড়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ইকে ৫৮৩-এ নেদারল্যান্ডসের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন।
বিমানবন্দরে যাত্রী আসা-যাওয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি গোয়েন্দা সংস্থার উচ্চ পর্যায়ের সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। ফয়েজ তৈয়্যবের চূড়ান্ত গন্তব্য নেদারল্যান্ডস। বাংলাদেশ ত্যাগের সময় তিনি তার নেদারল্যান্ডসের পাসপোর্ট এনএমএফ০০১ডিএইচ৫ ব্যবহার করেছেন।
বিমানবন্দর গোয়েন্দা শাখার সূত্র জানায়, দেশত্যাগে বা বিদেশ গমনে ফয়েজ তৈয়্যবের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা না থাকায় বিমানবন্দরে তার বহির্গমনে বাধা দেওয়া হয়নি।
এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের প্রযুক্তি খাত নিয়ে কাজ করার জন্য নেদারল্যান্ডসের নাগরিক ফয়েজ তৈয়্যবকে অন্তর্বর্তী সরকার দেশে নিয়ে আসে। এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে পলিসি অ্যাডভাইজার (সংস্কার ও সমন্বয়) পদে ছিলেন।
গত বছরের ফেব্রুয়ারিতে এনসিপি গঠনের জন্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। এরপর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় খালি হলে ওই বছরের ৫ মার্চ প্রতিমন্ত্রী পদমর্যাদায় এই মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান ফয়েজ আহমদ।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই ইউনূস সরকারের উপদেষ্টা এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় বিভিন্ন কর্মকর্তাদের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছিল।