ক্রিকেটে ভারত-পাকিস্তান মানেই বাড়তি উত্তাপ। সেই চিরচেনা রোমাঞ্চ এবার নতুন মাত্রা পাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। নানা অনিশ্চয়তা আর নাটকীয়তার পর অবশেষে ১৫ ফেব্রুয়ারি হাইভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। ম্যাচটি হবে কলম্বোর প্রেমাদাশা স্টেডিয়ামে। ৩৫ হাজার ধারণক্ষমতার এই ভেন্যুতে সব টিকিট বিক্রি হয়ে গেছে আগেই। কালোবাজারে টিকিটের দাম উঠেছে কয়েক গুণ। উত্তেজনা যে তুঙ্গে, তা বোঝা যাচ্ছে শহরের চিত্র দেখলেই।
রাজনৈতিক টানাপোড়েন, টুর্নামেন্টের নানা বিতর্ক- সব মিলিয়ে ম্যাচটি ঘিরে আগ্রহ বেড়েছে আরও। শেষ পর্যন্ত কূটনৈতিক আলোচনার পর ম্যাচ আয়োজনের অনিশ্চয়তা কাটলেও নাটকীয়তার রেশ থেকে গেছে সমর্থকদের আলোচনায়।
সম্প্রচারেও রেকর্ড গড়ার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকেরা। প্রচলিত ধারণা, ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকসংখ্যা ১০০ কোটিও ছাড়িয়ে যায়। যদিও আইসিসির যাচাই করা হিসেবে এখনো সবচেয়ে বেশি দেখা ম্যাচ ২০১১ বিশ্বকাপ ফাইনাল। যেখানে ভারত-শ্রীলঙ্কা লড়াই দেখেছিল প্রায় ৫৫ কোটির বেশি ‘ইউনিক’ দর্শক। ওই আসরের সেমিফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচও দর্শকসংখ্যায় ছিল শীর্ষ তালিকায়।
কলম্বো শহরে ইতোমধ্যে নেমেছে সমর্থকদের ঢল। হোটেল ভাড়া দ্বিগুণ-তিনগুণ হয়ে গেছে। যে কক্ষ সাধারণত ১০০-১৫০ ডলারে মিলত, সেটিই এখন কয়েকশ ডলার ছাড়িয়েছে। ফ্লাইট ভাড়াও বেড়েছে অস্বাভাবিকভাবে। বিশেষ করে চেন্নাই ও দিল্লি থেকে কলম্বোগামী রুটে শেষ মুহূর্তের বুকিংয়ে চাপ বেড়েছে।
শ্রীলঙ্কার পর্যটন সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই ম্যাচকে ঘিরে উল্লেখযোগ্য সংখ্যক দর্শনার্থী দেশটিতে এসেছে। অনেকেই ‘অল-ইনক্লুসিভ’ প্যাকেজে সফর করছেন, যার খরচ ১৫০০ থেকে ২০০০ ডলার পর্যন্ত।
আগামী ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি। ‘এ’ গ্রুপে দুই দলই দুটি করে জয় পেয়েছে। ফলে এই লড়াই কার্যত গ্রুপ শীর্ষস্থান নির্ধারণের পাশাপাশি সুপার এইটে ওঠার দৌড়ে বড় ভূমিকা রাখবে।
দ্বিপক্ষীয় সিরিজে বহু বছর মুখোমুখি না হলেও বৈশ্বিক বা আঞ্চলিক টুর্নামেন্টে নিরপেক্ষ ভেন্যুতেই দেখা হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। তাই মাঠের লড়াইয়ের বাইরেও আবেগ, ইতিহাস আর রাজনৈতিক প্রেক্ষাপট মিলিয়ে আবারও বিশ্ব ক্রিকেটের নজর এখন এক ম্যাচেই, ভারত বনাম পাকিস্তান।