টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে অল্পের জন্যে হেরে যায় আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হতাশাজনক ভাবে হেরেছে রশিদ-নবীরা। জোড়া সুপার ওভারের পরও প্রোটিয়াদের হারাতে পারেনি আফগানরা। এমন হারের পর শাস্তির মুখে পড়েছেন দলটির অলরাউন্ডার মোহাম্মদ নবী।
আচরণবিধি ভঙ্গের কারণে জরিমানা গুনতে হয়েছে দলের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবীকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর তার ম্যাচ ফি’র ১৫ শতাংশ কেটে নেওয়ার শাস্তি দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
আইসিসি জানায়, নবী লেভেল-১ অপরাধে দোষী প্রমাণিত হয়েছেন। তিনি আচরণবিধির ২.৪ ধারা ভঙ্গ করেছেন। এই ধারাটি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের নির্দেশ অমান্য করার সঙ্গে সম্পর্কিত।
ঘটনা ম্যাচ চলাকালীন ১৪তম ওভারের শুরুতে। দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডির পর একটা রিস্টব্যান্ড নিয়ে আপত্তি জানান নবী। তার কথা না শোনায় আম্পায়ারের সাথে তর্কে জড়ান আফগানিস্তানের তারকা এ অলরাউন্ডার। ফলে শাস্তির মুখে পড়েছেন তিনি।
দোষ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন তিনি। ফলে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। গত ২৪ মাসে এটি তার প্রথম অপরাধ।