আবারও পুরোনো ঠিকানায় ফিরছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সরাসরি চুক্তিতে তাকে দলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। এই চুক্তিতে মোস্তাফিজ পাবেন ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি।
বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে লাহোর কালান্দার্স। দলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘আমাদের বাংলাদেশি ভাই মুস্তাফিজুর রহমান, যাকে ২০১৬ ও ২০১৮ সালে নেওয়া হয়েছিল, এবার সরাসরি চুক্তিতে আবার আমাদের পরিবারে ফিরেছেন। একবার কালান্দার, সবসময় কালান্দার।’
আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার তিন দিন পর, গত ৬ জানুয়ারি পিএসএলে তার খেলার বিষয়টি নিশ্চিত হয়। তবে তখন কোন দলে খেলবেন, তা প্রকাশ করা হয়নি। নিলামের আগেই লাহোর কালান্দার্স তাকে দলে টেনে নেয়।
এর আগে মুস্তাফিজ দুই দফায় লাহোর কালান্দার্সে নাম লিখিয়েছেন, কিন্তু পিএসএলে খেলেছেন মাত্র একবার। ২০১৮ সালের আসরে পাঁচ ম্যাচে ৬.৪৩ ইকোনমিতে চারটি উইকেট নিয়েছিলেন তিনি।
লাহোর কালান্দার্স পিএসএলের অন্যতম সফল দল। ফ্র্যাঞ্চাইজিটি সর্বোচ্চ তিনবার শিরোপা জিতেছে এবং বর্তমান চ্যাম্পিয়নও। গত আসরে দলের হয়ে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন সাত ম্যাচে ১৩ উইকেট নিয়েছিলেন।
আগামী ২৩ মার্চ শুরু হচ্ছে পিএসএলের একাদশ আসর। এবার ছয় দলের পরিবর্তে আট দল নিয়ে আয়োজন হবে এবং আগের ড্রাফট পদ্ধতির বদলে চালু হয়েছে নিলাম ব্যবস্থা। নিলাম অনুষ্ঠিত হবে আগামী বুধবার।