নোয়াখালীর হাতিয়া উপজেলায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের উপর বিএনপির হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাতিয়া থানা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক নেতা আব্দুল হান্নান মাসউদ।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় হাতিয়ার নলছিরা ফেরিঘাটে পূর্বঘোষিত ফেরি উদ্বোধন কর্মসূচিতে এ হামলা হয়। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টায় নৌপরিবহন মন্ত্রণালয়ের পূর্বঘোষিত ফেরি উদ্বোধন কর্মসূচি উপলক্ষে ফেরি দেখতে জড়ো হয় স্থানীয় এনসিপি, জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা। এ সময় ফেরি আনার পেছনে হান্নান মাসউদের অবদানকে স্মরণ করে শাপলা কলির পক্ষে স্লোগান দেন এনসিপি নেতাকর্মীরা।
এ সময় পাল্টা স্লোগান দিতে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের। পাল্টাপাল্টি স্লোগানের এক পর্যায়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। হামলা শেষে বিএনপি সমর্থিত একজন আগ্নেয়াস্ত্র দিয়ে মহড়া দেয়।
ঘটনার তিব্র নিন্দা জানিয়ে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে হাতিয়া থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন আব্দুল হান্নান মাসউদ। তিনি বলেন, ‘পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মাধ্যমে বিএনপি প্রার্থী মাহবুবুর রহমান শামীম হাতিয়াতে সন্ত্রাসের রাজনীতি কায়েম করতে চাচ্ছে। আমরা এ হামলায় জড়িতদের গ্রেপ্তার করার আগ পর্যন্ত থানা ঘেরাও কর্মসূচি চালিয়ে যাব।’
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। ঘটনার বিষয় বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে আমরা সে ব্যাপারে সতর্ক আছি।’