গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। এর পর থেকেই শাস্তির আশঙ্কা নিয়ে আলোচনা বাড়ছে ক্রিকেট দুনিয়ায়। এসব দাবি নাকচ করেছেন সাবেক পিসিবি ও আইসিসি চেয়ারম্যান এহসান মানি।
ভারত পাকিস্তান ম্যাচটি হওয়ার কথা ১৫ ফেব্রুয়ারিতে। ভেন্যু নির্ধারিত ছিল শ্রীলঙ্কার কলম্বোয়। রোববার পাকিস্তান সরকার জানায়, তারা ভারতের বিপক্ষে মাঠে নামবে না। ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসি পাকিস্তানকে সম্ভাব্য কিছু ভয়াবহ পরিণতির কথা জানায়। এ ছাড়াও সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্ববানও জানান হয়।
ভারত-পাকিস্তান ম্যাচকে টুর্নামেন্টের সবচেয়ে লাভজনক ম্যাচ ধরা হয়। এই ম্যাচ না হলে সবমিলিয়ে প্রায় ছয় হাজার কোটি টাকা ক্ষতির আশঙ্কা রয়েছে। কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, পাকিস্তানকে জরিমানা করা হতে পারে। আইসিসি থেকে আয়ের অংশও কমতে পারে। আরও শাস্তির কথাও আলোচনায় আছে।
তবে এসব দাবি নাকচ করেছেন সাবেক পিসিবি ও আইসিসি চেয়ারম্যান এহসান মানি। তিনি বলেন, সরকার যে নির্দেশ দিয়েছে, তা মানার জন্য পাকিস্তানকে শাস্তি দেওয়া যায় না। তিনি এই কথা বলেন স্পোর্টস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে।
মানির ভাষায়, ‘সরকারি নির্দেশ মানার জন্য পাকিস্তানকে শাস্তি দেওয়া যাবে না। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই কারণ দেখিয়ে ভারত পাকিস্তানে গিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল। এখানে দ্বৈত নীতি চলতে পারে না।’
তিনি আরও বলেন, ‘দুঃখজনকভাবে আমাকে আবারও বলতে হচ্ছে, সমস্যার সমাধান না করে আইসিসি শুধু দর্শকের ভূমিকা পালন করছে। যে কোনো দেশের জন্যই সরকার হস্তক্ষেপের পথ খোলা থাকে। বিশেষ করে যখন পিসিবি চেয়ারম্যান নিজেই একজন সরকারি মন্ত্রী।’