সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অংশগ্রহণকারী খেলোয়াড় ও দর্শকদের চিকিৎসাসেবা নিশ্চিত করার দায়িত্ব পেয়েছে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) আয়োজনে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে মেডিকেল সাপোর্ট প্রদান করবে হাসপাতালটি।
সাফের নির্ধারিত মেডিকেল চাহিদা অনুযায়ী, জাতীয় স্টেডিয়ামে দেশি-বিদেশি খেলোয়াড় ও দর্শকদের জরুরি স্বাস্থ্যসেবা দিতে হাসপাতালটির পক্ষ থেকে তিনটি অ্যাডভান্সড লাইফ সাপোর্ট (এএলএস) অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হবে। এ ছাড়া দায়িত্ব পালন করবেন চারজন বিশেষজ্ঞ চিকিৎসক, চারজন নার্স ও আটজন স্বাস্থ্যসেবা পেশাজীবী।
মাঠ ও দর্শক গ্যালারিতে তাৎক্ষণিক চিকিৎসাসেবা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় থাকবে পৃথক মেডিকেল রুম। পাশাপাশি মাঠে প্রস্তুত রাখা হবে ফার্স্ট এইড সরঞ্জাম, দুটি অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর (এইডি), হুইলচেয়ার, স্ট্রেচার এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। সাফ চ্যাম্পিয়নশিপে খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক মেডিকেল প্রটোকল অনুসরণ করে চিকিৎসাসেবা দেওয়া হবে।
এই আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও মেডিকেল প্রটোকল বাস্তবায়নে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।