রাজধানীর গুলশানে প্রথম এক্সপেরিয়েন্স সেন্টার চালু করেছে গোল্ড সঞ্চয়ভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম গোল্ড কিনেন। নতুন এ সেন্টার থেকে গ্রাহকরা ২২ ক্যারেটের হলমার্কড ও সার্টিফাইড গোল্ড বার ও কয়েন সরাসরি দেখে তাৎক্ষণিকভাবে কিনতে পারবেন। পাশাপাশি গোল্ড সঞ্চয় ও অ্যাপভিত্তিক বিভিন্ন সেবা সম্পর্কেও ধারণা নেওয়ার সুযোগ থাকছে।
গুলশান এভিনিউয়ের এলিগ্যান্ট স্কয়ার ভবনের নিচতলায় (বাড়ি নম্বর ৩/বি, রোড ১১১) স্থাপিত এ সেন্টারে ০.৫, ১, ৫ ও ১০ গ্রামের গোল্ড বার এবং ২৪.৪ গ্রামের গোল্ড কয়েন পাওয়া যাচ্ছে। সব পণ্যই ২২ ক্যারেটের, হলমার্কড ও সার্টিফাইড বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এতদিন অ্যাপভিত্তিক সেবার মাধ্যমে গোল্ড কেনা ও সঞ্চয়ের সুযোগ দিয়ে আসছিল গোল্ড কিনেন। নতুন এক্সপেরিয়েন্স সেন্টারের মাধ্যমে গ্রাহকরা এখন সরাসরি পণ্য দেখার পাশাপাশি নিজেদের পছন্দ অনুযায়ী তাৎক্ষণিকভাবে কেনাকাটা করতে পারবেন। যারা ইতোমধ্যে অ্যাপের মাধ্যমে গোল্ড সঞ্চয় করছেন, তারাও এখানে এসে নিজেদের সঞ্চয়ের পণ্য সম্পর্কে সরাসরি ধারণা নিতে পারবেন।
এ ছাড়া নতুন এ সেন্টার থেকে চালু করা হয়েছে গোল্ড ভাউচার। উপহার হিসেবে গোল্ড দেওয়ার বিকল্প হিসেবে এ ভাউচার কেনা যাবে। প্রাপক গোল্ড কিনেন অ্যাপের মাধ্যমে ভাউচারটি রিডিম করতে পারবেন। রিডিম করার দিনের অফিশিয়াল বাজারমূল্য অনুযায়ী ভাউচারের বিপরীতে গোল্ডের পরিমাণ নির্ধারিত হবে।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতারা বলেন, প্রযুক্তির মাধ্যমে গোল্ড কেনা ও সঞ্চয়কে সহজ, নিরাপদ এবং সুবিধাজনক করাই তাদের লক্ষ্য। নতুন এক্সপেরিয়েন্স সেন্টারের মাধ্যমে গ্রাহকরা সরাসরি পণ্য দেখা, সেবা সম্পর্কে জানা এবং তাৎক্ষণিক কেনার সুযোগ পাবেন। এতে গ্রাহকদের আস্থা আরও বাড়বে বলে আশা করছেন তারা।
২০২২ সালে যাত্রা শুরু করা গোল্ড কিনেন নিজেদের বাংলাদেশের প্রথম ও এক নম্বর গোল্ড সঞ্চয় অ্যাপ হিসেবে পরিচয় দিয়ে থাকে। প্রতিষ্ঠানটির দাবি, বর্তমানে দেশজুড়ে তাদের নিবন্ধিত গ্রাহকের সংখ্যা পাঁচ লাখের বেশি। অ্যাপটির মাধ্যমে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে ২২ ক্যারেটের হলমার্কড ও সার্টিফাইড গোল্ড কেনা ও সঞ্চয় করা যায়।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, গ্রাহকদের কেনা গোল্ড বীমাকৃত এবং ব্যাংক-গ্রেড ভল্টে সংরক্ষণ করা হয়। গ্রাহকরা চাইলে অ্যাপে সঞ্চিত গোল্ড যেকোনো সময় যেকোনো পরিমাণে বিক্রি করতে পারেন। এ ছাড়া ঢাকা সিটি করপোরেশন এলাকায় হোম ডেলিভারি এবং সারা দেশে ৬৫০টির বেশি পিকআপ পয়েন্ট থেকে গোল্ড বার বা কয়েন হিসেবে তা উত্তোলনের সুবিধা রয়েছে।
সম্প্রতি Mastercard Presents 4th Bangladesh Fintech Awards 2026-এ দুটি স্বীকৃতি পেয়েছে গোল্ড কিনেন। প্রতিষ্ঠানটি ‘Fintech Innovation of the Year–Tech’ বিভাগে বিজয়ী এবং ‘Fintech Innovation of the Year–Financial Inclusion’ বিভাগে সম্মানজনক স্বীকৃতি (Honourable Mention) অর্জন করেছে। এর আগে ২০২৫ সালের বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে ‘Fintech Start-up of the Year’ এবং বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৬-এ ‘Retail Start-up of the Year’ বিভাগে সম্মানজনক স্বীকৃতি পায় প্রতিষ্ঠানটি।