ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর অষ্টম আসরে রানার্স আপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি ক্রিকেট দল। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ইউরোপীয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের কাছে ২৭ রানে পরাজিত হয় তারা।
ফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ইউরোপীয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। নির্ধারিত ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে দলটি সংগ্রহ করে ১৫৮ রান। অধিনায়ক নিলয় ১০ বলে সর্বোচ্চ ৪০ রান করেন। এছাড়া মাহফুজ ১৭ বলে ৩৬, ফাহাদ ১০ বলে ৩৬ এবং সাকের ২৮ রান যোগ করেন। বাংলাদেশ ইউনিভার্সিটির হয়ে রানা ১০ রান দিয়ে ২টি এবং সালাম ২৪ রান দিয়ে ১টি উইকেট নেন।
জবাবে ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ ইউনিভার্সিটি। দুই ওপেনার মহব্বত ও জহিরুল দ্রুত ফিরে গেলে দলের ওপর চাপ বাড়ে। মহব্বত রান না করেই এবং জহিরুল ১০ রান করে আউট হন।
এরপর রানা ও মিনহাজুল ইনিংস মেরামতের চেষ্টা করলেও বড় জুটি গড়তে পারেননি। শেষদিকে শাহপরান ও মিনহাজুলের ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচে ফেরার চেষ্টা চালায় বাংলাদেশ ইউনিভার্সিটি। তবে নির্ধারিত ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে তারা।
বাংলাদেশ ইউনিভার্সিটির পক্ষে শাহপরান মাত্র ৯ বলে ৪৩ রান করে সর্বোচ্চ স্কোরার হন। মিনহাজুল ৭ বলে ৪০ এবং রানা ২১ বলে ৩২ রান করেন। ইউরোপীয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের হাফিজ ও আশরাফুল একটি করে উইকেট শিকার করেন।
ফাইনাল শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন আয়োজক কমিটির সদস্যরা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা আতাহার আলী খান, আকরাম খান ও খালেদ মাসুদ পাইলটের প্রতিষ্ঠান ‘থ্রি ক্রিকস’ বরাবরের মতো এবারও এই টুর্নামেন্টের আয়োজন করে। এবারের আসরে দেশের ৩২টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়।
টুর্নামেন্টজুড়ে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির মিনহাজুল। তিনি ২১০ রান করে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পাশাপাশি ৩১টি ছক্কা হাঁকিয়ে সর্বোচ্চ ছক্কার কৃতিত্ব অর্জন করেন। অন্যদিকে, সোহেল রানা ১১টি বাউন্ডারি মেরে সর্বোচ্চ বাউন্ডারি হাঁকানোর স্বীকৃতি পান।
উল্লেখ্য, ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্টের আগের সাত আসরের মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি তিনবার চ্যাম্পিয়ন এবং দুইবার রানার্স আপ হয়েছে। এবারের রানার্স আপ সাফল্যের মাধ্যমে দেশের অন্যতম সফল বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল হিসেবে নিজেদের অবস্থান আরও দৃঢ় করেছে প্রতিষ্ঠানটি।