বেইজিংয়ে চলমান ‘ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস’-এ ১০০ মিটার স্প্রিন্টে অবিশ্বাস্য গতি দেখিয়েছে চীনের তৈরি মানবসদৃশ রোবট ‘তিয়ানগং আল্ট্রা’। সেমিফাইনালে মাত্র ৮.৮৬ সেকেন্ডে ১০০ মিটার পাড়ি দিয়ে নিজেরই ৯.৩৯ সেকেন্ডের রেকর্ড ভেঙেছে রোবটটি।
তিয়ানগং আল্ট্রার এই সময় ২০০৯ সালে উসাইন বোল্টের গড়া ৯.৫৮ সেকেন্ডের মানব বিশ্বরেকর্ডের চেয়েও শূন্য দশমিক ৭ সেকেন্ডের বেশি দ্রুত। তবে দৌড় শেষে গতি থামাতে গিয়ে ফিনিশ লাইনের পর রাখা পুরু ম্যাটে সজোরে ধাক্কা খেয়ে পড়ে যায় রোবটটি। এতে ভেতরের অংশে ছোটখাটো আগুনও ধরে যায়।
দ্বিতীয়বারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় ৬৬৬টি দলের দুই হাজারের বেশি রোবট অংশ নিচ্ছে। ফুটবল, নৃত্য ও শিল্প-কারখানার কাজসহ মোট ৫১টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছে তারা।
এর আগে উদ্বোধনী দিনেও ৯.৩৯ সেকেন্ডে ১০০ মিটার শেষ করে রেকর্ড গড়েছিল তিয়ানগং। ইতোমধ্যে মানুষের চারটি বিশ্বরেকর্ডও ভেঙেছে রোবটটি। ১০০ মিটার ছাড়াও ৪০০ মিটার, ১৫০০ মিটার ও হাইজাম্পে রেকর্ড গড়েছে এটি।
কৃত্রিম বুদ্ধিমত্তা, শক্তিশালী মোটর ও উন্নত সেন্সর প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই রোবটকে ভবিষ্যতে উৎপাদন, লজিস্টিকস ও সেবা খাতে ব্যবহারের লক্ষ্য রয়েছে চীনের।