আইপিএলের জন্মলগ্ন থেকেই চেন্নাই সুপার কিংসের সঙ্গে মহেন্দ্র সিং ধোনির সম্পর্ক। দলটির ‘থালাপতি’ হিসেবেই পরিচিত তিনি। সেই সম্পর্ক আরও দৃঢ় করতে চেয়েই হয়তো ফ্র্যাঞ্চাইজিটির মালিকানার অংশ কিনতে চেয়েছিলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রস্তাবে সাড়া দেয়নি চেন্নাই।
ক্রিকব্লগার-এর প্রতিবেদন অনুযায়ী, ধোনি প্রথমে চেন্নাইয়ের ২৫ শতাংশ মালিকানা চেয়েছিলেন। তবে প্রমোটাররা তাকে দিতে চেয়েছিল মাত্র তিন শতাংশ। পরে ধোনি দাবি কমিয়ে ২০ শতাংশ করলেও চেন্নাই প্রস্তাব বাড়িয়ে করে চার শতাংশ।
দেনদরবার চলতে থাকে। ধোনি শেষ পর্যন্ত ১৮ শতাংশে নামলেও চেন্নাইয়ের শেষ প্রস্তাব ছিল সাড়ে পাঁচ শতাংশ। দুই পক্ষের দাবির বিশাল ব্যবধানের কারণে শেষ পর্যন্ত ভেস্তে যায় আলোচনা।
এক সূত্র সংবাদমাধ্যমটিকে বলেছেন, ‘ধোনি একটি অংশ কিনতে চেয়েছিলেন। তিনি বিনামূল্যে সেটি চাননি। কিন্তু সিএসকে ম্যানেজমেন্টের চিন্তাভাবনা অন্যকিছু ছিল।’
মালিকানা নিয়ে এই আলোচনা ব্যর্থ হওয়ায় চেন্নাইয়ে ধোনির ভবিষ্যৎ নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক বছরগুলোতে খেলোয়াড় সংক্রান্ত সিদ্ধান্তে ধোনির সঙ্গে আলোচনা না করার অভিযোগও রয়েছে। এবার মালিকানা নিয়ে মতবিরোধ সেই দূরত্ব আরও বাড়িয়েছে।