হাজারো রেকর্ড নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। আবার ক্যারিয়ারে অনেক কঠিন সময়ও পেরিয়েছেন আর্জেন্টাইন এই সুপারস্টার। তবে এবার এমন এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন তিনি, যা তার পেশাদার ক্যারিয়ারে আগে কখনও হয়নি। আর সেই অনাকাঙ্ক্ষিত রেকর্ড থেকে মেসি এখন মাত্র ৯০ মিনিট দূরে।
ইন্টার মিয়ামির হয়ে টানা চার ম্যাচ জয়হীন থাকার পর আগামী শনিবার সিএফ মন্ট্রিয়েলের বিপক্ষে ম্যাচটি তাই মেসির জন্য হয়ে উঠেছে বেশ গুরুত্বপূর্ণ। এই ম্যাচেও জয় না পেলে ক্যারিয়ারে সবচেয়ে দীর্ঘ জয়হীন ধারার রেকর্ডে পৌঁছে যাবেন তিনি।
মিয়ামির সাম্প্রতিক সময়টা অবশ্য মোটেও স্বস্তির নয়। টরন্টোর কাছে ২-১ গোলে হারের পর টানা চার ম্যাচে জয়হীন দলটি। তবে এই কঠিন সময়েও ব্যক্তিগতভাবে কার্যকর ছিলেন মেসি। চার ম্যাচে করেছেন দুই গোল ও একটি অ্যাসিস্ট। কিন্তু তার ব্যক্তিগত পারফরম্যান্স দলকে জয়ের মুখ দেখাতে পারেনি।
মেসির পেশাদার ক্যারিয়ারে সবচেয়ে দীর্ঘ জয়হীন ধারা এসেছিল ২০১৩ সালে। তখন বার্সেলোনার হয়ে দুর্দান্ত সময় কাটাচ্ছিলেন তিনি। সেই সময় টানা পাঁচ ম্যাচে জয় পায়নি বার্সেলোনা। এর মধ্যে চার ম্যাচে ড্র এবং এক ম্যাচে হেরেছিল দলটি।
এবার মন্ট্রিয়েলের বিপক্ষে জয় না এলে সেই পাঁচ ম্যাচের জয়হীন ধারার রেকর্ডে পৌঁছে যাবেন মেসি। অর্থাৎ, ক্যারিয়ারে নিজের সবচেয়ে দীর্ঘ জয়হীন সময়ের রেকর্ড ছোঁয়া থেকে মাত্র একটি ম্যাচ দূরে তিনি।
এর আগে ২০২৫ সালেও চার ম্যাচ জয়হীন ছিল ইন্টার মিয়ামি। তবে সেই ধাক্কা দ্রুত সামলে নেয় দলটি। পরের পাঁচ ম্যাচেই জয় পেয়েছিল তারা। এবারও তাই মেসি ও মিয়ামির সামনে সবচেয়ে বড় লক্ষ্য দ্রুত ঘুরে দাঁড়ানো।
২০২৬ সালে মিয়ামির রক্ষণভাগ নিয়েও উদ্বেগ বাড়ছে। মে মাসের পর থেকে কোনো ম্যাচেই গোল হজম না করে মাঠ ছাড়তে পারেনি দলটি। ফলে মন্ট্রিয়েলের বিপক্ষে ম্যাচটি শুধু মিয়ামির ঘুরে দাঁড়ানোর লড়াই নয়, মেসির ক্যারিয়ারের অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড এড়ানোর লড়াইও।