কাতার বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আনহেল ডি মারিয়া। এরপর আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির সঙ্গে আর মাঠে দেখা যায়নি বিশ্বকাপজয়ী এই তারকাকে। তবে ক্লাব ফুটবলে আবারও মেসির সতীর্থ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তার।
কোপা লিবার্তাদোরেস থেকে রোজারিও সেন্ট্রাল বিদায় নেওয়ার পর নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী ডি মারিয়া। খেলা চালিয়ে যেতে চান জানালেও পরবর্তী গন্তব্য এখনো ঠিক করেননি তিনি। এর মধ্যেই সম্ভাব্য গন্তব্য হিসেবে সামনে এসেছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির নাম।
আন্তর্জাতিক ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম গোল ডটকম জানিয়েছে, এর আগেও ডি মারিয়াকে দলে নেওয়ার চেষ্টা করেছিল ইন্টার মায়ামি। তবে সেবার আলোচনা সফল হয়নি। এবার ২০২৭ সালকে সামনে রেখে আবারও সম্ভাবনা তৈরি হয়েছে।
মেসি ও ডি মারিয়ার বন্ধুত্ব এবং মাঠের বোঝাপড়া আর্জেন্টিনার সাফল্যের অন্যতম শক্তি ছিল। একসঙ্গে তারা জিতেছেন বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমাসহ পাঁচটি বড় শিরোপা। ২০০৮ বেইজিং অলিম্পিকে সোনা জয়ের মাধ্যমে শুরু হয়েছিল তাদের যৌথ সাফল্যের পথচলা।
২০২১ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে ডি মারিয়ার গোলেই দীর্ঘ ২৮ বছরের শিরোপা-খরা কাটায় আর্জেন্টিনা। এরপর ফিনালিসিমা ও কাতার বিশ্বকাপ জয়ের পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি-ডি মারিয়া জুটি। ২০২৪ কোপা আমেরিকা জয়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ডি মারিয়া।
এখন ইন্টার মায়ামিতে যোগ দিলে আগামী বছরের শুরুতেই আবারও একই ক্লাবের জার্সিতে দেখা যেতে পারে মেসি-ডি মারিয়াকে। শেষ পর্যন্ত ডি মারিয়া কী সিদ্ধান্ত নেন, সেটিই এখন দেখার বিষয়।