ইংল্যান্ডের পেসার ব্রাইডন কার্সকে হাতকড়া পরা অবস্থায় দেখা একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর তদন্ত শুরু করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
গতকাল ছড়িয়ে পড়া ভিডিওটি প্রকাশ করে ইংল্যান্ডের সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’। সেখানে দেখা যায়, কয়েকজন পুলিশ কর্মকর্তার মাঝে কার্স দাঁড়িয়ে আছেন এবং তার দুই হাত পেছনে হাতকড়া পরানো। এ সময় ডারহামের সতীর্থ ম্যাথু পটসের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। পেছনে ছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বেন স্টোকসও।
ঘটনা জানাজানি হওয়ার পর ইসিবি এক বিবৃতিতে বলেছে, ‘শনিবার রাতে ডার্বিতে ঘটে যাওয়া বলে জানা একটি ঘটনা সম্পর্কে আমরা অবগত এবং বর্তমানে বিষয়টি তদন্ত করছি। সম্ভব হলে পরবর্তী সময়ে আমরা আরও তথ্য জানাব।’
পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম দুই টেস্টের দলে থাকলেও প্রথম টেস্টের একাদশে জায়গা পাননি কার্স। তাই তাকে ডারহামের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। ডার্বিশায়ারের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে ২৬ রান এবং বল হাতে ৮২ রানে ২ উইকেট নেন তিনি।
ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে উদযাপন করতে বের হওয়ার সময়ই কার্সকে হাতকড়া পরা অবস্থায় দেখা যায়। এ বিষয়ে ডার্বিশায়ার কনস্ট্যাবুলারির সঙ্গে যোগাযোগ করেছিল ক্রিকইনফো। তবে ডারহাম কোনো মন্তব্য করেনি।
কার্সের ঘটনা ইংল্যান্ড ক্রিকেটের মাঠের বাইরের বিতর্কও নতুন করে সামনে এনেছে। গত এক বছরে অ্যালকোহল-সংক্রান্ত সংস্কৃতিসহ ইংল্যান্ডের ক্রিকেটারদের ঘিরে বেশ কিছু ঘটনা আলোচনায় এসেছে।
কার্সের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল এ বছরের সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট। তার অনুপস্থিতিতে পাকিস্তানের বিপক্ষে হেডিংলিতে প্রথম টেস্টে ইনিংস ও ১০৩ রানে জিতেছে ইংল্যান্ড। বৃহস্পতিবার লর্ডসে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। শেষ টেস্ট হবে এজবাস্টনে, ৯ সেপ্টেম্বর।