ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন, এমন খবর প্রকাশ করেছে তুরস্কের কয়েকটি সংবাদমাধ্যম। তবে এ বিষয়ে এখনো সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
তুর্কি সংবাদমাধ্যম হাবেরলারসহ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়, প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের পরিচিত ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার সঙ্গে সাক্ষাতের সময় শাহাদা পাঠ করে ইসলাম গ্রহণ করেন ৫৩ বছর বয়সী রবার্তো কার্লোস।
প্রচারিত প্রতিবেদনের দাবি অনুযায়ী, দীর্ঘদিন ধরে শেখ জিহাদ হামাদার সঙ্গে যোগাযোগ ছিল রবার্তো কার্লোসের। প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলে তার সঙ্গে সাক্ষাৎ করেন সাবেক এই লেফটব্যাক। ওই সাক্ষাতেই তিনি শাহাদা পাঠ করে ইসলাম গ্রহণ করেন বলে দাবি করা হয়েছে।
তবে রবার্তো কার্লোস নিজে এখনো তার ধর্মান্তরের খবর নিশ্চিত করেননি। ফলে বিষয়টি আপাতত বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত একটি দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।
তুর্কি এমপির পোস্টের পর ছড়ায় খবর
রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর আরও ছড়িয়ে পড়ে তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) এমপি আলি শাহিনের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের পর।
শাহিন জানান, ব্রাজিল সফরের সময় তিনি সাও পাওলোতে বসবাসকারী শেখ জিহাদ হামাদার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি ব্রাজিলিয়ান চ্যারিটেবল ইউনিয়ন অব মুসলিম ইয়ুথ পরিদর্শনের সময় ওই সাক্ষাৎ করেন।
শাহিনের ভাষ্য অনুযায়ী, শেখ হামাদা তাকে জানান, ব্রাজিল ও বিশ্ব ফুটবলের কিংবদন্তি এবং ফেনারবাচের সাবেক খেলোয়াড় রবার্তো কার্লোসের সঙ্গে দীর্ঘদিন ধরে তার যোগাযোগ ছিল। প্রায় চার সপ্তাহ আগে রবার্তো কার্লোস তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং শাহাদা পাঠ করে ইসলাম গ্রহণ করেন।
পরে শাহিন রবার্তো কার্লোসকে অভিনন্দন জানিয়ে তার ও তার পরিবারের জন্য শান্তি, সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন।
মরক্কোর বংশোদ্ভূত সুহাইলার সঙ্গে বিয়ে
ইসলাম গ্রহণের খবরের পাশাপাশি রবার্তো কার্লোসের ব্যক্তিজীবন নিয়েও সম্প্রতি আলোচনা চলছে। মরক্কোর বংশোদ্ভূত স্প্যানিশ ব্যবসায়ী ও ফুটবল এজেন্ট সুহাইলা এত্তাহিরির সঙ্গে তার বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জুলাইয়ের ২৫ তারিখে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের একটি ঘনিষ্ঠ অনুষ্ঠান হয় বলে ব্রাজিলের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে। এর আগে বছরের শুরুতেই তাদের বিয়ের খবর প্রকাশিত হয়েছিল।
সুহাইলা ফুটবলারদের পেশাগত ক্যারিয়ার ও এ সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্প ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত। রবার্তো কার্লোসের সঙ্গে তার সম্পর্ক শুরু হয়েছিল পেশাগতভাবে এবং পরে তা ব্যক্তিগত সম্পর্কে রূপ নেয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের হয়ে দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের কারণে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা লেফট-ব্যাক হিসেবে পরিচিত রবার্তো কার্লোস। স্পেনে রিয়াল মাদ্রিদের পাশাপাশি তুরস্কের ফেনারবাচের হয়েও খেলেছেন তিনি।
তবে তার ইসলাম গ্রহণের খবরের সত্যতা নিশ্চিত হওয়ার জন্য এখনো অপেক্ষা করতে হচ্ছে রবার্তো কার্লোসের নিজের বক্তব্যের জন্য। তার পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টিকে দাবি হিসেবেই ধরা হচ্ছে।
সূত্র: গোল ডটকম