২০২২ সালের পর আর বাংলাদেশ সফরে আসেনি ভারতীয় ক্রিকেট দল। দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনে নিরাপত্তাজনিত কারণে পিছিয়ে যায় নির্ধারিত সিরিজও। আগামী সেপ্টেম্বরে ঢাকায় ভারতের সাদা বলের সিরিজ খেলার কথা থাকলেও, সাম্প্রতিক পরিস্থিতিতে সেটি নিয়েও তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা।
ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সিরিজ আয়োজনের সম্ভাবনা ক্রমেই কমছে। গত ৫ আগস্ট দিল্লি থেকে শেখ হাসিনা ও তার দলের কয়েকজন নেতার ভার্চুয়াল সংবাদ সম্মেলনের পর দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
বিসিবির এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ক্রিকবাজকে বলেছেন, ‘সাম্প্রতিক সব ঘটনাপ্রবাহের পর এখন আমি সিরিজটি নিয়ে সন্দিহান। সিরিজের বিষয়ে আমরা ওপাশ থেকে কোনো সাড়া পাব বলে মনে হয় না। সত্যি বলতে সিরিজটি ২৮ আগস্টের মধ্যেই হওয়ার কথা ছিল। হাতে আর কতদিনই বা আছে?’
সিরিজটি হওয়ার সম্ভাবনা নিয়েও ওই কর্মকর্তা বলেন, ‘আমার তা মনে হয় না। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু এই মুহূর্তে বিষয়টি আমাদের সবার নিয়ন্ত্রণের বাইরে।’
তবে আনুষ্ঠানিকভাবে সিরিজ বাতিল না হওয়া পর্যন্ত আশা ছাড়তে চায় না বিসিবি। এর আগে দুই দেশের সম্পর্কে কিছুটা উন্নতি হওয়ায় সেপ্টেম্বরে সিরিজ আয়োজনের সম্ভাবনাও তৈরি হয়েছিল। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহ সেই সম্ভাবনাকে আবারও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। এখন ভারতীয় দল সেপ্টেম্বরে ঢাকায় আসবে কি না, সেটিই বড় প্রশ্ন।