২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৮ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১৫ ডিসেম্বর। বৃহস্পতিবার (৬ আগস্ট) অনুষ্ঠিত আন্তঃশিক্ষা বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি বলেন, ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ এবং বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। শীতকালীন ছুটির কারণে পরীক্ষার সূচি এগিয়ে আনা হয়েছে।
আগামী ২০ ডিসেম্বর শীতকালীন ছুটি শুরু হবে। এর আগে জুনিয়র বৃত্তি পরীক্ষা শেষ করতে চায় শিক্ষা বোর্ড। তবে পরীক্ষার ফল কবে প্রকাশ করা হবে, তা নিয়ে সভায় কোনো আলোচনা হয়নি বলেও জানিয়েছেন তিনি।
এর আগে, শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি ও ফল প্রকাশের সম্ভাব্য সময় জানানো হয়েছিল। ওই সূচি অনুযায়ী, ১৫ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে ২০ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। আর ফল প্রকাশের সম্ভাব্য তারিখ হিসেবে ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছিল।