সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সুইমসুট পরা কিছু ছবি প্রকাশ করার পর তীব্র বডি-শেমিংয়ের শিকার হন ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গী, স্প্যানিশ মডেল ও ইনফ্লুয়েন্সার জর্জিনা রদ্রিগেজ। তবে সমালোচনায় ভেঙে না পড়ে আত্মবিশ্বাসী বার্তায় কড়া জবাব দিয়েছেন তিনি।
নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম পোস্টে জর্জিনা লিখেছেন, ‘অন্য সব নারীর মতো সময়ের সঙ্গে আমার শরীরও বদলাবে। আমি চাই এই পরিবর্তন বহু বছর ধরে চলুক, কারণ এর অর্থ আমি বেঁচে আছি।’
জর্জিনা জানান, মডেলিং পেশায় থাকায় একসময় শরীর নিয়ে নেতিবাচক মন্তব্য তাকে ভাবিয়ে তুলেছিল। এমনকি একপর্যায়ে রোনালদোকেও বলেছিলেন, মানুষ তাকে ‘মোটা’ বলছে, যা তার পেশাগত জীবনের জন্য উদ্বেগের কারণ হতে পারে।
তবে রোনালদোর কাছ থেকেই পেয়েছেন সবচেয়ে বড় অনুপ্রেরণা। পর্তুগিজ মহাতারকা তাকে বুঝিয়েছেন, একজন মানুষের পরিচয় কখনোই শুধু বাহ্যিক সৌন্দর্যের মধ্যে সীমাবদ্ধ নয়। জর্জিনার ভাষায়, ‘ক্রিস আমাকে মনে করিয়ে দিয়েছে, আমি কে—সেটাই আমার আসল পরিচয়, শুধু আমার চেহারা নয়।’

ছয় সন্তানের মা জর্জিনা বলেন, তিনি নিজের সন্তানদেরও শেখাতে চান যে একজন মানুষের প্রকৃত সৌন্দর্য আত্মবিশ্বাস, সুস্বাস্থ্য, মানসিক শান্তি এবং পরিবারের ভালোবাসায় নিহিত, নিখুঁত শরীরের গঠনে নয়।
নিজের শরীরচর্চা নিয়েও স্পষ্ট অবস্থান জানিয়েছেন তিনি। তার ভাষায়, ‘আমি ব্যায়াম করি সুস্থ থাকার জন্য, ওজন কমানোর জন্য নয়। আমি আমার শরীরকে ভালোবাসি। এই শরীরই আমাকে বাঁচিয়ে রেখেছে, আমার সন্তানদের জন্ম দিয়েছে। তাই প্রতিটি অবস্থাতেই এটি ভালোবাসা ও সম্মান পাওয়ার যোগ্য।’
জর্জিনার এই বার্তা এমন সময়ে সামনে এলো, যখন সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও রোনালদো-জর্জিনার সম্ভাব্য বিয়ে নিয়ে জোর আলোচনা চলছে।