জস বাটলারের ব্যাটে আবারও লেখা হলো ইতিহাস। দ্য হান্ড্রেডের ম্যাচে ওয়েলশ ফায়ারের বিপক্ষে মাত্র ২০ বলে ঝড়ো ৫১ রানের ইনিংস খেলে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের আসনে বসেছেন ইংল্যান্ডের এই তারকা ব্যাটার।
ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছিল ম্যানচেস্টার সুপার জায়ান্টস। পল ওয়াল্টার আউট হওয়ার পর যখন বাটলার ক্রিজে আসেন, তখন জয়ের জন্য প্রয়োজন ছিল ৮২ রান। এরপর টিম সাইফার্টকে সঙ্গে নিয়ে শুরু করেন বিধ্বংসী ব্যাটিং। ৬ ছক্কার ঝড়ে মাত্র ২০ বলেই ফিফটি পূর্ণ করেন তিনি।
শেষ পর্যন্ত বাটলারের ২০ বলে ৫১ ও সাইফার্টের ৩৬ বলে ৬২ রানের অপরাজিত ইনিংসে মাত্র ৬৯ বলেই জয় তুলে নেয় ম্যানচেস্টার। এই ম্যাচের আগে স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ডের দখলে। পোলার্ডকে পেছনে ফেলে নতুন মাইলফলক স্পর্শ করেছেন বাটলার। বর্তমানে ৫২২ ম্যাচের ৪৭৪ ইনিংসে তার সংগ্রহ ১৪ হাজার ৮৩৩ রান। ব্যাটিং গড় ৩৫.৪৮ এবং স্ট্রাইক রেট ১৪৭.২৪।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে বাটলার এখন পর্যন্ত করেছেন ১০৬টি ফিফটি ও ৯টি সেঞ্চুরি। তার ব্যাট থেকে এসেছে ১ হাজার ৩৪৮টি চার ও ৬৫০টি ছক্কা। পোলার্ডের চেয়ে মাত্র ২১ রান পিছিয়ে থেকে ম্যাচ শুরু করেছিলেন বাটলার। মার্কো ইয়ানসেনের বলে ডিপ স্কয়ার লেগ দিয়ে ছক্কা হাঁকিয়েই নিজের করে নেন রেকর্ডটি। এরপর পরপর আরও দুই ছক্কায় উদযাপন করেন নতুন কীর্তি।
স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৪ হাজারের বেশি রান করা ব্যাটারদের তালিকায় এখন বাটলারের পাশে রয়েছেন কাইরন পোলার্ড, ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, ডেভিড ওয়ার্নার ও বিরাট কোহলি। তবে নতুন এই রেকর্ডে টি-টোয়েন্টির ইতিহাসে নিজের নামটি আরও উজ্জ্বল করে তুললেন ইংলিশ অধিনায়ক।