দীর্ঘ প্রায় এক দশকের প্রেড়, পাঁচ সন্তানের পরিবার। তবুও আনুষ্ঠানিকভাবে বিয়ের পিঁড়িতে বসেননি ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। সেই অপেক্ষার অবসান কি এবার সত্যিই হতে চলেছে? ফুটবল বিশ্বে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন, এই সপ্তাহেই কি বিয়ে করছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ?
পর্তুগালের কয়েকটি স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনের পর শুরু হয়েছে জোর গুঞ্জন। সেখানে দাবি করা হয়েছে, ১ আগস্ট পর্তুগালের একটি সমুদ্রতীরবর্তী ঐতিহাসিক দুর্গে বসতে পারে রোনালদো-জর্জিনার বহুল প্রতীক্ষিত বিয়ের আসর। আর সেই দাবিকে আরও উসকে দিয়েছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি কথিত নিমন্ত্রণপত্র।
ভাইরাল হওয়া নিমন্ত্রণপত্রে লেখা রয়েছে, ‘পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ তাদের বিয়ের অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি কামনা করছেন।’

প্রতিবেদনগুলোতে আরও দাবি করা হয়, অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, রিও ফার্দিনান্দ, প্যাট্রিক এভ্রা, রদ্রিগোসহ ফুটবল বিশ্বের বেশ কয়েকজন তারকা। এছাড়া পপ তারকা রিহানা ও ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানের নামও অতিথি তালিকায় রয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছে।

তবে এই খবরের সত্যতা নিয়ে বড় ধরনের সন্দেহও তৈরি হয়েছে। কারণ, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নিমন্ত্রণপত্রের একাধিক সংস্করণে অনুষ্ঠানের সময় নিয়ে অসঙ্গতি দেখা গেছে। কোথাও বিকেল ৫টা, আবার কোথাও দুপুর ২টার সময় উল্লেখ রয়েছে। ফলে অনেকেই কার্ডটিকে ভুয়া বলেই মনে করছেন।
শুধু তাই নয়, ইউরোপের বেশ কয়েকটি নির্ভরযোগ্য সংবাদমাধ্যমও এই খবরকে নিশ্চিত করেনি। বরং তারা পুরো বিষয়টিকে নিছক জল্পনা বলে উল্লেখ করেছে। রোনালদো কিংবা জর্জিনার পক্ষ থেকেও এখন পর্যন্ত বিয়ে নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
আসলে বিয়ের প্রসঙ্গ নতুন নয়। এর আগে এক সাক্ষাৎকারে রোনালদো নিজেই জানিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপের পর বিয়ে করার পরিকল্পনা রয়েছে তার। সেই বক্তব্যের পর থেকেই সময়ে সময়েই তাদের বিয়ে নিয়ে নানা গুঞ্জন সামনে এসেছে।
২০১৬ সালে স্পেনের রাজধানী মাদ্রিদে একটি গুচি স্টোরে প্রথম পরিচয় হয় রোনালদো ও জর্জিনার। তখন রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলছিলেন পর্তুগিজ মহাতারকা, আর জর্জিনা কাজ করতেন ওই বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ডের শোরুমে। সেই পরিচয় থেকেই শুরু হয় প্রেম, যা আজ প্রায় এক দশকের সম্পর্ক।
বর্তমানে পরিবার নিয়ে স্পেনের মায়োর্কায় ছুটি কাটাচ্ছেন রোনালদো। তবে সত্যিই কি এই সপ্তাহেই চার হাত এক হতে যাচ্ছে, নাকি সবটাই গুঞ্জন—সেটির উত্তর মিলবে খুব শিগগিরই।