একসময় বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডারদের একজন ছিলেন বেঞ্জামিন মেন্দি। ফ্রান্সের হয়ে জিতেছেন ২০১৮ বিশ্বকাপ, খেলেছেন ইউরোপের শীর্ষ ক্লাব ম্যানচেস্টার সিটিতেও। কিন্তু ক্যারিয়ারের বাইরে দীর্ঘ আইনি লড়াই ও আর্থিক সংকট তাকে এমন এক সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে, যা আবেগপ্রবণ করে তুলেছে ফুটবলপ্রেমীদের।
নিজের সংগ্রহে থাকা ২০১৮ বিশ্বকাপ জয়ের অফিসিয়াল রেপ্লিকা ট্রফিটি নিলামে বিক্রি করে দিয়েছেন মেন্দি। আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যম ‘গোল ডটকম’-এর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রভিত্তিক স্মারক নিলাম প্রতিষ্ঠান গোল্ডিনের এক নিলামে টানা ৩৮ দফা দরদামের পর ট্রফিটি বিক্রি হয় ৬২ হাজার ২০০ মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৬ লাখ টাকা।
এটি ফিফার মূল বিশ্বকাপ ট্রফি নয়। নিয়ম অনুযায়ী বিশ্বকাপজয়ী প্রতিটি ফুটবলারকে ব্যক্তিগত স্মারক হিসেবে একটি অফিসিয়াল রেপ্লিকা দেওয়া হয়। ৩৮ সেন্টিমিটার উচ্চতার এই ট্রফির সঙ্গে সত্যতা নিশ্চিত করতে নিজের স্বাক্ষর করা একটি সনদও দিয়েছেন মেন্দি।
এই বিক্রির পেছনে রয়েছে তার কঠিন সময়ের গল্প। ২০২১ সালে যুক্তরাজ্যে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার হন মেন্দি। প্রায় দুই বছর ধরে চলা বিচারিক প্রক্রিয়া শেষে সব অভিযোগ থেকে খালাস পেলেও, আইনি লড়াইয়ে বিপুল অর্থ ব্যয় করতে গিয়ে বড় আর্থিক সংকটে পড়েন তিনি।
এর আগেই খরচ মেটাতে নিজের বিলাসবহুল বাড়ি, গাড়ি ও দামি ঘড়িও বিক্রি করতে হয়েছিল এই ফরাসি ডিফেন্ডারকে। একসময় ম্যানচেস্টার সিটিতে সপ্তাহে প্রায় ৫ লাখ পাউন্ড আয় করা মেন্দি এখন পোল্যান্ডের ক্লাব পোগন শেচিনে খেলছেন, যেখানে তার সাপ্তাহিক আয় প্রায় ১০ হাজার পাউন্ড।
মাঠে ফিরে ক্যারিয়ার নতুন করে গড়ার চেষ্টা চালিয়ে গেলেও, বিশ্বকাপ জয়ের সবচেয়ে মূল্যবান স্মৃতিচিহ্ন বিক্রি করার ঘটনাটি তার জীবনের কঠিন বাস্তবতারই প্রতিচ্ছবি হয়ে রইল।