কোনো শিরোপা জিততে না পারলেও ২০২৫-২৬ মৌসুমে আর্থিক দিক থেকে নতুন ইতিহাস গড়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটি জানিয়েছে, খেলোয়াড় বিক্রির আয় বাদ দিয়ে তাদের পরিচালন আয় দাঁড়িয়েছে ১.২২১ বিলিয়ন ইউরো, যা আগের মৌসুমের তুলনায় ৩.১ শতাংশ বেশি।
এক বিবৃতিতে রিয়াল জানায়, বিশ্বের কোনো ক্রীড়া সংস্থাই এর আগে এক মৌসুমে ১.২ বিলিয়ন ইউরোর বেশি পরিচালন আয় করতে পারেনি। ফলে সর্বোচ্চ আয়কারী ক্রীড়া প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে তারা।
কর পরিশোধের পর ক্লাবটির নিট মুনাফা হয়েছে ২ কোটি ৬০ লাখ ইউরো, যা আগের মৌসুমের তুলনায় ৮ শতাংশ বেশি। এই সাফল্যের বড় কারণ সংস্কার করা সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম থেকে আয় বৃদ্ধি এবং নতুন স্পনসরশিপ চুক্তি। শুধু স্টেডিয়াম থেকেই আয় বেড়ে হয়েছে ৩৬ কোটি ৩০ লাখ ইউরো।
মাঠে টানা দুই মৌসুম বড় কোনো শিরোপা না জিতলেও দল গঠনে ব্যস্ত লস ব্লাংকোসরা। নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন হোসে মরিনহো। ইতোমধ্যে বার্নাদো সিলভা, মার্ক কুকুরেয়া, ইব্রাহিম কনাতে, ডামফ্রিসকে দলে ভিড়িয়েছে ক্লাবটি। এছাড়া ইয়ান দিওমান্দে ও রদ্রিকে নিয়েও জোর আলোচনা চলছে।