বিশ্বকাপ ফাইনালের হতাশা কাটিয়ে পরিবারের সঙ্গে কয়েকদিন কাটানোর পর আবার মাঠে ফিরেছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রে ফিরে ইন্টার মিয়ামির অনুশীলনে যোগ দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে ক্লাব ফুটবলে ফেরার চেয়েও এখন বেশি আলোচনা তার জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে।
রোজারিওতে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে বুধবার ভোরে যুক্তরাষ্ট্রে পৌঁছান মেসি। কয়েক ঘণ্টার মধ্যেই ইন্টার মিয়ামির অনুশীলনে যোগ দেন তিনি। ক্লাবটি সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুশীলনের ছবি প্রকাশ করে লিখেছে, ‘আজকের আগমনটা একটু ভিন্ন।’
অনুশীলনের ছবিতে সমর্থকদের নজর কেড়েছে মেসির হাতে থাকা সেই মাতে সেট, যা ২০২৬ বিশ্বকাপের পর তিনি আর্জেন্টিনা দলের সতীর্থদের উপহার দিয়েছিলেন।
আগামী শনিবার এমএলএসে কলম্বাস ক্রুর বিপক্ষে খেলবে ইন্টার মিয়ামি। তবে পূর্ণ ফিট অবস্থায় ৫ আগস্ট অ্যাটলেটিকো সান লুইসের বিপক্ষে লিগস কাপ ম্যাচে মাঠে নামতে পারেন মেসি। এরপর গ্রুপ পর্বে মনতেরেই ও লেওনের বিপক্ষেও খেলবে তার দল।
এদিকে বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর মেসি এখনও আর্জেন্টিনা জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। সেপ্টেম্বরে ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ থাকলেও প্রতিপক্ষ ও সূচি এখনো চূড়ান্ত হয়নি। ফলে কোটি ভক্তের অপেক্ষা এখন একটাই, আলবিসেলেস্তের জার্সিতে আবারও দেখা যাবে কি না লিওনেল মেসিকে।