মাত্র ১৬ বছর বয়সেই নতুন এক ইতিহাস গড়েছেন আমেরিকান ফুটবলের উদীয়মান প্রতিভা কাভান আয়াজ সুলিভান। অ্যাডিডাসের নতুন কাস্টম থ্রিডি-প্রিন্টেড বুট পরে অফিশিয়াল ম্যাচ খেলা প্রথম ফুটবলার হয়েছেন তিনি। তবে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য সবচেয়ে বড় আনন্দের খবর, সেই বিশেষ বুটেই জায়গা পেয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা।
গত ২৩ জুলাই নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে ফিলাডেলফিয়া ইউনিয়নের ৩-১ গোলের জয়ের ম্যাচে এই বিশেষ বুট পরে মাঠে নামেন কাভান। তার পায়ের নিখুঁত মাপ অনুযায়ী থ্রিডি-প্রিন্টিং প্রযুক্তিতে তৈরি করা বুটটিতে রয়েছে বাংলাদেশ, জার্মানি ও যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা। পরিবারের শেকড়ের প্রতি সম্মান জানাতেই এই তিন দেশের পতাকা যুক্ত করেছেন তিনি।
কাভানের বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তার নানি সুলতানা আলমের মাধ্যমে। ঢাকায় বেড়ে ওঠা সুলতানা আলম পরে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের পর জাতিসংঘেও কাজ করেছেন। অন্যদিকে, তার নানা ক্লাউস ক্রিপেনডর্ফ ছিলেন জার্মানিতে জন্ম নেওয়া একজন অধ্যাপক। কাভানের মাঝের নাম ‘আয়াজ’ও এসেছে এই পারিবারিক ঐতিহ্য থেকে।
২০০৯ সালের ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া কাভানের বাবা ব্রেন্ডন সুলিভান আমেরিকার সাবেক ফুটবলার। মা হেইকেও খেলেছেন যুক্তরাষ্ট্রের ডিভিশন ফুটবলে। মাত্র ১৪ বছর বয়সেই ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি করেন কাভান। তবে ১৮ বছর পূর্ণ হলেই ইংলিশ ক্লাবটির হয়ে খেলতে পারবেন।
আন্তর্জাতিক ফুটবলে যুক্তরাষ্ট্র, জার্মানি কিংবা বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ রয়েছে কাভান সুলিভানের। তার দুই ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান ইতোমধ্যেই বাংলাদেশের লাল-সবুজের জার্সি গায়ে খেলেছেন। তাই বাংলাদেশের সমর্থকদেরও আশা, একদিন কাভানকেও জাতীয় দলের জার্সিতে দেখা যাবে। আপাতত ইতিহাস গড়া বুটে বাংলাদেশের পতাকা স্থান দিয়ে সেই আশাকেই আরও উজ্জ্বল করে তুলেছেন এই বিস্ময় বালক।