প্রায় এক বছর ধরে চলা অনিশ্চয়তার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সম্পর্কের টানাপোড়েন কমতে শুরু করেছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সেপ্টেম্বরের শুরুতে ভারতের বাংলাদেশ সফর আয়োজনের লক্ষ্যে দুই বোর্ড সম্ভাব্য সূচি নিয়ে কাজ করছে।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সফরের জন্য সময় বের করতে দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে নির্ধারিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করছে বিসিসিআই। তবে সফরের চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে ভারত সরকারের অনুমোদনের ওপর। সরকারের সবুজ সংকেত পেলেই দ্রুত সিরিজ আয়োজন করতে প্রস্তুতি নিয়ে রাখতে চাইছে দুই বোর্ড।
২০২৪ সালে সরকার পরিবর্তনের পর থেকেই ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। এরপর বিভিন্ন ঘটনায় দুই দেশের ক্রিকেট সম্পর্কেও দূরত্ব তৈরি হয়। বিশেষ করে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা এবং নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ দলের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
তবে সাম্প্রতিক সময়ে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। টাইমস অব ইন্ডিয়ার দাবি, সম্ভাব্য ভারত সফরের কথা মাথায় রেখে বিসিবি ১ সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক ভেন্যুগুলো প্রস্তুত রাখার পরিকল্পনা করেছে। ভারতের সুবিধা অনুযায়ী একাধিক সূচির প্রস্তাবও দেওয়া হয়েছে।
বিসিবির আগের সূচি অনুযায়ী, ভারতের বাংলাদেশ সফর শুরু হওয়ার কথা ২৮ সেপ্টেম্বর। সফরে তিনটি ওয়ানডে হওয়ার কথা ১, ৩ ও ৬ সেপ্টেম্বর এবং তিনটি টি-টোয়েন্টি হওয়ার কথা ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর। ওয়ানডে সিরিজ ঢাকায় এবং টি-টোয়েন্টি সিরিজ চট্টগ্রামে আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এদিকে শ্রীলঙ্কা সফরে ভারতের টেস্ট সিরিজ শেষ হওয়ার কথা ২৭ আগস্ট। এরপর আফগানিস্তান সিরিজ পিছিয়ে দিলে সেপ্টেম্বরে প্রায় দুই সপ্তাহের সময় খালি হবে, যা বাংলাদেশ সফরের জন্য ব্যবহার করতে চায় বিসিসিআই।
বিসিবি জানিয়েছে, প্রয়োজনে পুরো সিরিজ একটি ভেন্যুতেও আয়োজন করা যেতে পারে। তবে তাদের পছন্দ তিনটি টি-টোয়েন্টি এক ভেন্যুতে এবং তিনটি ওয়ানডে অন্য ভেন্যুতে আয়োজন করা। সম্ভাব্য ভেন্যু হিসেবে ঢাকা ও চট্টগ্রাম এগিয়ে রয়েছে।
সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত আইসিসির সভার ফাঁকে দুই বোর্ডের কর্মকর্তাদের মধ্যেও এ বিষয়ে আলোচনা হয়েছে। তবে শেষ পর্যন্ত ভারত সরকারের অনুমোদন পেলেই চূড়ান্ত হবে ভারতের বাংলাদেশ সফর।