বিশ্বকাপে হতাশাজনক অভিযানের পর সান্তোসের হয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছিলেন নেইমার। শাপেকোয়েন্সের বিপক্ষে জোড়া গোল করলেও কয়েক ঘণ্টার মধ্যেই নতুন বিতর্কে জড়িয়ে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা। ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় এবং অনুশীলন শুরুর আগেই মাঠ ছেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের দাবি, শাপেকোয়েন্সের বিপক্ষে ২-২ ড্রয়ের পর ড্রেসিংরুমে মিডফিল্ডার গ্যাব্রিয়েল বন্তেম্পো ও ডিফেন্ডার জোয়াও আনানিয়াসকে তিরস্কার করেন নেইমার। বন্তেম্পোকে ‘বাজে লোক’ বলে গালি দেওয়ার পাশাপাশি আনানিয়াসের সামর্থ্য নিয়েও প্রশ্ন তোলেন, যা নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়।
এর পরদিন পেলে ট্রেনিং সেন্টারে উপস্থিত হলেও মূল অনুশীলন শুরু হওয়ার আগেই মাঠ ছেড়ে চলে যান নেইমার। সংবাদমাধ্যমের দাবি, কোচিং স্টাফের অনুমতি ছাড়াই তিনি চলে যান। ঘটনার পর পরিস্থিতি বোঝার জন্য ক্লাবের কয়েকজন পরিচালকও ট্রেনিং সেন্টারে যান।
তবে সব অভিযোগই অস্বীকার করেছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘বন্ধুরা, এটি আমাদের প্রত্যাশিত দিন ছিল না। তবে আমাদের মাথা উঁচু রাখতে হবে এবং কাজ চালিয়ে যেতে হবে। ড্রেসিংরুমে আমি নাকি তরুণ খেলোয়াড়দের ধমক দিয়েছি! এমন কিছু খবর দেখছি, যা সম্পূর্ণ মিথ্যা।’
আরেকটি ভিডিও বার্তায় তিনি বলেন, ‘যিনি এসব কথা ছড়িয়েছেন, তাকে বলছি, দয়া করে এমন করবেন না। মিথ্যা বলবেন না। চাইলে যাকে খুশি জিজ্ঞেস করতে পারেন। আমরা পুরো দলকে নিয়েই কথা বলেছি। আমি, লুকাস (ভেরিসিমো), আরাও, গাবি, ব্রাজাও; আমরা সবাই একসঙ্গে আলোচনা করেছি। নিজেদের কাছ থেকেই আরও বেশি কিছু দাবি করেছি। কারণ, আমরা প্রতিদ্বন্দ্বিতা পছন্দ করি, আমরা জিততে চাই, সফল হতে চাই। কিন্তু তরুণ খেলোয়াড়দের আলাদা করে ধমক দেওয়া বা তাদের ওপর চড়াও হওয়ার কোনো ঘটনা ঘটেনি। এসব মিথ্যা আমি মেনে নেব না।’
এটি অবশ্য সান্তোসে নেইমারকে ঘিরে প্রথম বিতর্ক নয়। ক্লাব-সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, মাঠে সতীর্থদের প্রকাশ্যে সমালোচনা করার কারণে অনেক তরুণ খেলোয়াড়ের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে। এর আগেও জানুয়ারিতে অনুশীলনে রবসন জুনিয়রকে চড় মারার অভিযোগ উঠেছিল নেইমারের বিরুদ্ধে, যদিও পরে সেই ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন তিনি।